বিজ্ঞাপন

দেড় দিনে শেষ হওয়া ম্যাকাইয়ের পিচ পাচ্ছে ‘খুব ভালো’ স্বীকৃতি!

দেড় দিনে শেষ হওয়া ম্যাকাইয়ের পিচ পাচ্ছে ‘খুব ভালো’ স্বীকৃতি!

দেড় দিনে শেষ হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় তথা শেষ টেস্ট। মাত্র পাঁচ সেশনে খেলা হয়েছে ১২৫ ওভার, পড়েছে ৩০ উইকেট। এমন উইকেটের সামনে ব্যাটারদের দাঁড়ানোই যেখানে ছিল কঠিন, সেই ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচই পেতে যাচ্ছে ‘সর্বোচ্চ মানের’ স্বীকৃতি।

সেভেন ক্রিকেটের প্রধান ক্রিকেট প্রতিবেদক টম মরিস জানিয়েছেন, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন মেকাইয়ের পিচকে ‘ভেরি গুড’ বা ‘খুব ভালো’ গ্রেড দেওয়ার সুপারিশ করতে যাচ্ছেন। তবে এই মূল্যায়ন চূড়ান্ত হতে হলে আইসিসির অনুমোদন প্রয়োজন।

টেস্ট ক্রিকেটে পিচের জন্য চার ধরনের গ্রেড রয়েছে। এর মধ্যে ‘ভেরি গুড’ সর্বোচ্চ গ্রেড। এমন পিচের বৈশিষ্ট্য হলো, ম্যাচের শুরুতে ভালো ক্যারি, সীমিত সিম মুভমেন্ট এবং ধারাবাহিক বাউন্স। অর্থাৎ ব্যাটার ও বোলার দুপক্ষের জন্যই লড়াইয়ের সুযোগ থাকবে।

কিন্তু ম্যাকাইয়ে ব্যাটারদের জন্য সেই লড়াইটা ছিল বেশ কঠিন। অভিষেক টেস্টের প্রথম দিনেই পড়েছিল ১৮ উইকেট। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হয়। জবাবে অস্ট্রেলিয়াও স্বস্তিতে ছিল না। ১৬৫ রান তুলতেই হারায় ৮ উইকেট।

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বাকি দুই উইকেট এবং বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় দ্রুতই। বাংলাদেশ গুটিয়ে যায় ৯৫ রানে। ফলে ইনিংস ও ৫১ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে অস্ট্রেলিয়া। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

ম্যাচ শেষে তাই পিচ নিয়ে তৈরি হয়েছিল দুই রকমের মত। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স উইকেটকে ‘খুব ভালো’ বললেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখে ছিল ভিন্ন ছবি। তিনি এমন কঠিন উইকেটকে মনে রাখতে বলেছেন। 

শান্তর যুক্তিটাও ছিল পরিষ্কার। উপমহাদেশে এক দিনে ১৮-১৯ উইকেট পড়লে যেমন উইকেট নিয়ে আলোচনা হয়, ম্যাকাইয়েও প্রথম দিনে ১৮ উইকেট পড়েছে। তবে শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়ার ব্যাটারদেরও একই উইকেটে সমস্যায় পড়তে হয়েছে।

এফআই