বিজ্ঞাপন

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

আইপিএলের যখন জন্ম, সেই সময় থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির সম্পর্ক। দলটির ‘থালাপতি’ বলা হয় তাকে। সেই আবেগের জায়গা থেকেই হয়তো সম্পর্কটা আরও দৃঢ় করতে চেয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কিন্তু সম্পর্কে ফাটল ধরার আভাসই যেন দিলো ফ্র্যাঞ্চাইজি।

চেন্নাইয়ের মালিকানার অংশ কিনতে চেয়েছিলেন ধোনি। কিন্তু ম্যানেজমেন্ট তাকে ফিরিয়ে দিয়েছে। ক্রিকব্লগার-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটারের সঙ্গে শর্ত না মেলায় তাকে মালিকানা দিতে রাজি হয়নি ফ্র্যাঞ্চাইজি। 

ধোনি শুরুতে ২৫ শতাংশ মালিকানা চেয়েছিলেন। কিন্তু চেন্নাইয়ের প্রমোটাররা মাত্র তিন শতাংশ শেয়ার দিতে চেয়েছিল। ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার দাবি কমিয়ে ২০ শতাংশ করেন কিন্তু ফ্র্যাঞ্চাইজি তাদের প্রস্তাব বাড়িয়ে মাত্র ৪ শতাংশ করে।

দেনদরবার ওখানেই থামেনি। ধোনি ১৮ শতাংশে গিয়ে ঠেকেন। কিন্তু চেন্নাই তাদের শেষ প্রস্তাবে সাড়ে পাঁচ শতাংশ করেছে। দুই পক্ষের দাবির মাঝে আকাশ-পাতাল তফাৎ থাকায় শেষ পর্যন্ত ধোনির মালিকানা কেনার স্বপ্ন ভেঙে গেছে। সংবাদমাধ্যমটিকে এক সূত্র বলেছেন, ‘ধোনি একটি অংশ কিনতে চেয়েছিলেন। তিনি বিনামূল্যে সেটি চাননি। কিন্তু সিএসকে ম্যানেজমেন্টের চিন্তাভাবনা অন্যকিছু ছিল।’

এই আলোচনা ব্যর্থ হওয়ার কারণে চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ অনিশ্চয়তার তুঙ্গে উঠেছে। পাঁচটি আইপিএল ট্রফি জয়ী অধিনায়কের সঙ্গে সম্প্রতি ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে। সাম্প্রতিক বছরগুলোতে খেলোয়াড় সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার বেলায় ধোনির সঙ্গে কোনো আলোচনা করে না চেন্নাই। এবার মালিকানা নিয়ে ব্যর্থ আলোচনা সেই সম্পর্কের ফাটল আরও বড় করল।

এফএইচএম