দুলীপ ট্রফিতে অভিষেক হলো বৈভব সূর্যবংশীর। এই প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেটের টিনএজ সেনসেশনের শুরুটা হলো মন্দভাবে। ব্যাট হাতে হতাশ করলেও তিনি বিতর্কিত হলেন অদ্ভুত কারণে।
নর্থ ইস্ট জোনের বিপক্ষে ইস্ট জোনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাত্র ৮ রান করেছেন সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়স হলেও ইশান কিষাণের সহঅধিনায়ক হয়েছেন তিনি। দুটি বাউন্ডারি মেরে নিজের ষষ্ঠ ডেলিভারিতে বাঁহাতি ব্যাটার আউট হন।
তবে একটি চমকপ্রদ ব্যাপার দেখা গেল তার প্যাভিলিয়নে ফেরার সময়। জার্সির পেছনে অর্ধেক সংখ্যা টেপ দিয়ে ঢাকা। শুধুমাত্র ‘৩’ সংখ্যা দেখা গেছে। টেপ মারার আসল কারণ এখনও অজানা। সম্ভবত নিজের প্রিয় ‘৩’ নম্বরই শুধু জার্সিতে রেখে দিতে চেয়েছিলেন তিনি। এই সংখ্যার জার্সিতে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেন। সম্প্রতি টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পরও ৩ নম্বর জার্সিতে খেলেছেন তিনি।
দুলীপ ট্রফি জার্সিতে টেপ মারার আরেকটি কারণ হতে পারে, কোনো ভুল প্রিন্ট ঢাকতে চেয়েছিলেন সূর্যবংশী। অনেকের মনেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এসবের উত্তর কি মাঠেই ব্যাট হাতে দেবেন তিনি?
এফএইচএম
