বিজ্ঞাপন

বরখাস্ত হওয়ার গুঞ্জনের মধ্যেই জেরার্ড জোন্স অনুশীলন করালেন আজ

বরখাস্ত হওয়ার গুঞ্জনের মধ্যেই জেরার্ড জোন্স অনুশীলন করালেন আজ

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স গতকাল দিনভর আলোচনায় ছিলেন। কখনো খবর সে বরখাস্ত আবার কখনো সংবাদ সাময়িক অব্যাহতি। তবে এখন পর্যন্ত তাকে ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুসহ দলকে উজবেকিস্তানে পাঠানোর অবস্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আজ (বুধবার) সকালে কমলাপুর স্টেডিয়ামে জেরার্ড জোন্সের অধীনেই অনুশীলন হয়েছে। সহকারী কোচ আতিকুর রহমান মিশুও ছিলেন সেই সেশনে। তবে গত কয়েকদিনের মতোই খানিকটা নিষ্ক্রিয় ভূমিকায়। সেটাও হেড কোচ জোন্সের নির্দেশনাতেই। 

আগামীকাল রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে। ফুটবল দল বিদেশ যাওয়ার আগে সংবাদ সম্মেলন করা নিয়মিত সংস্কৃতির অংশ। জোন্সকে নিয়ে সংবাদ সম্মেলন করতে সংশয় রয়েছে ফুটবল ফেডারেশনের। এজন্য গতকাল সংবাদ সম্মেলন ডেকেও বাতিল করেছিল। 

যুব ফুটবল দলে ২ বছরের জন্য নিয়োগ পেয়েছেন জোন্স। জুলাই মাসে কাজ শুরু করা জোন্স শুরু থেকে সামাজিক মাধ্যমে খুব সক্রিয়। আগস্টের প্রথম সপ্তাহে বেতন ও তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর ঢাকায় এসে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতিতে জড়ান। বিদেশি কোচের আচার আচরণ নিয়ে বাফুফেও অসন্তুষ্ট। পাশাপাশি দেশীয় কোচ আতিকুর রহমান মিশুর কোনো ভুল রয়েছে কি না সেটাও খতিয়ে দেখছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। 

বাছাই পর্বে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সাত সেরা রানার্স আপ অ-২০ এশিয়া কাপের মূল পর্বে খেলবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও আরও দুই প্রতিপক্ষ ভারত ও সিরিয়া। ৩১ আগস্ট স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে। ৩ ও ৬ সেপ্টেম্বর যথাক্রমে সিরিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলেও রানার্স -আপ হলেও বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থাকবে। সাফ অ-২০ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সঙ্গে অ্যাডাম আব্বাসের মতো প্রবাসী যোগ হওয়ায় একটা ভালো সম্ভাবনা থাকলেও কোচদের দ্বন্দ্ব শঙ্কার মধ্যে ফেলেছে। 

এজেড/এফআই