বিজ্ঞাপন

শরিফুলকে কেন ইংল্যান্ডে খেলতে দিলো না বিসিবি, যা জানা গেল

শরিফুলকে কেন ইংল্যান্ডে খেলতে দিলো না বিসিবি, যা জানা গেল

কাউন্টি ক্রিকেটে সবশেষ মাতিয়েছেন হাসান মাহমুদ। একই দলে খেলার সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেছে শরিফুল ইসলামের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়পত্র (এনওসি) না দেওয়ায় ইংলিশ কাউন্টিতে খেলা হচ্ছে না এই পেসারের।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি, কাজের চাপ এবং হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরার বিষয়টি বিবেচনা করে তাকে ছাড়পত্র দেয়নি বিসিবি। ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস ক্রিকবাজকে বলেন, 'শরিফুলকে তার কাজের চাপ এবং সামনে থাকা আন্তর্জাতিক সূচি বিবেচনা করে এনওসি দেওয়া হয়নি। কারণ, আগামী তিন মাসে আমাদের পাঁচটি টেস্ট, সাতটি টি-টোয়েন্টি এবং ছয়টি ওয়ানডে রয়েছে।'

কাউন্টি চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচ খেললে তার ওপর বাড়তি চাপ পড়তে পারে বলে মনে করছে বিসিবি, 'শরিফুল এমন একজন খেলোয়াড়, যে সব সংস্করণেই খেলে। এর সঙ্গে সে মাত্রই হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরছে। তাই তাকে চারটি কাউন্টি ম্যাচ খেলার জন্য এনওসি দিলে তার শরীরে যে বাড়তি চাপ পড়বে, তাতে আমরা উদ্বিগ্ন। এতে আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সে পুরোপুরি ফিট নাও থাকতে পারে।'

শরিফুলকে কাউন্টিতে না পাঠানোর সিদ্ধান্তের পেছনে টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল বিভাগের মতামতও রয়েছে, 'এ কারণেই টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল বিভাগ মনে করছে, তার জন্য এখন খেলার চেয়ে অনুশীলন করা এবং আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত থাকাই বেশি গুরুত্বপূর্ণ।'

শরিফুলকে এনওসি না দিলেও কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদ, 'খালেদকে কেন্টের জন্য এনওসি দেওয়া হয়েছে, কারণ সে পুরোপুরি ফিট এবং সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচ খেলেনি।'

এসএইচ