২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আগে থেকেই বড় বড় ক্লাবের নজরে ছিলেন মরক্কোর ১৮ বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। প্রথমবার মেগা ইভেন্টটিতে নেমে তিনি বেশ আলোও কেড়েছেন। ফলে অনেকদিন থেকে শোনা যাচ্ছিল বুয়াদ্দিকে দলে ভেড়াবে ম্যানচেস্টার সিটি। অবশেষে তারা দুই ফুটবলারকে ছেড়ে দেওয়ার পাশাপাশি মরক্কান মিডফিল্ডারের সাইনিং নিশ্চিত করেছে।
১১৭ মিলিয়ন (বা ১০০ মিলিয়ন পাউন্ড) ডলারে ফরাসি ক্লাব লিলে থেকে বুয়াদ্দিকে কিনে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এর মধ্যে ৯৫ মিলিয়ন প্রাথমিক এবং সম্ভাব্য বোনাস হিসেবে ৫ মিলিয়ন পাউন্ড ধরা হয়েছে। ম্যানসিটির সঙ্গে বুয়াদ্দি ৫ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি টিনেজার হিসেবেও রেকর্ড গড়লেন তিনি।
— Manchester City (@ManCity) August 26, 2026
এর আগে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি ৭০ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছিল লেনি ইয়োরোকে। তিনিও এসেছেন লিলে থেকে, বুয়াদ্দিকে নেওয়ার আগপর্যন্ত ইয়োরোই ছিলেন প্রিমিয়ার লিগে যোগদান করা সবচেয়ে দামি টিনেজার। নতুন মৌসুমে সিটির মিডফিল্ডে দ্বিতীয় বড় সাইনিং বুয়াদ্দি, এর আগে নটিংহ্যাম ফরেস্ট থেকে যোগ দিয়েছেন এলিয়ট অ্যান্ডারসন।
ম্যানসিটিতে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় বুয়াদ্দি বলছেন, ‘আমার মতে, ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব। এখানে আসা এবং নিজেকে সিটির একজন খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পারা আমার কাছে স্বপ্নের মতো। নিজের সেরাটা দিয়ে সেরা খেলোয়াড় হয়ে ওঠার এবং ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে আমি জীবনের অনেকটা সময় কঠোর পরিশ্রম করেছি। আমি বহু বছর সিটির খেলা দেখছি এবং তাদের খেলার ধরন আমার খুব পছন্দ। সিটি সবসময়ই মানসম্মত ফুটবল খেলার চেষ্টা করে। এ ছাড়া তারা প্রমাণ করেছে যে তারা জয়ী হওয়ার মানসিকতা রাখে। এই ক্লাবটি জয়ের জন্যই গড়ে উঠেছে বলে মনে করি।’
এদিকে, দলবদল বাজার বন্ধ হওয়ার আগে নিজেদের স্কোয়াড থেকে আরও দুই ফুটবলারকে ছেড়ে দিয়েছে সিটি। এনজো মারেসকার দল থেকে মিশরীয় তারকা ওমর মারমুশ ধারে (লোন) টটেনহ্যামে যোগ দিয়েছেন। এর সঙ্গে ৫০ মিলিয়ন পাউন্ড প্রাথমিক দামে তাকে কিনে নেওয়ারও সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া স্প্যানিশ মিডফিল্ডার নিকো গঞ্জালেস সিটি থেকে ৫২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দিয়েছেন নিউক্যাসলে।

মারেসকা দায়িত্ব নেওয়ার পর সিটির সর্বশেষ কোচ পেপ গার্দিওলার স্কোয়াড থেকে মিডফিল্ডারদের মধ্যে দলবদল করেছেন রদ্রিগো হার্নান্দেজ (বার্সেলোনা), বার্নার্দো সিলভা (রিয়াল মাদ্রিদ) এবং তিজানি রেইন্ডার্স (সৌদি ক্লাব আল-কাদসিয়া)। সিটি ছাড়ার তালিকায় যুক্ত হলেন মারমুশ ও নিকো। তাদের জায়গায় এলিয়ট অ্যান্ডারসন এবং বুয়াদ্দিকে নিলেন মারেসকা। এ ছাড়া চেলসি থেকে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজকে নেওয়ার জন্যও তারা প্রাথমিক আলোচনায় নেমেছে।
এএইচএস
