অস্ট্রেলিয়ায় অবিস্মরণীয় টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ডারউইনে প্রথম ম্যাচে একপেশে দাপট দেখিয়ে জিতলেও অবশ্য ম্যাকাইতে ব্যাটিং ব্যর্থতায় তাদের শেষটা হয়েছে আক্ষেপ নিয়ে। টাইগাররা টেস্ট হেরেছে ইনিংস ব্যবধানে। তবে ওই টেস্টে বল হাতে আগুন ঝরিয়ে বড় পুরস্কার পেলেন শরিফুল ইসলাম ও মিচেল স্টার্ক।
আজ (বুধবার) পুরুষদের টেস্ট ফরম্যাটে ব্যক্তিগত র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে ক্যারিয়ারে প্রথমবার টেস্টের এক নম্বর বোলার হয়েছেন স্টার্ক। অজি গতিতারকা দুই ধাপ এগিয়ে এখন নম্বর ওয়ান। ম্যাকাইতে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে দুই নম্বরে নামিয়ে দিলেন জাসপ্রিত বুমরাহকে। একইভাবে এক ধাপ নেমে তিনে ম্যাট হেনরি।
অজি অধিনায়ক প্যাট কামিন্সও দুই ইনিংসে ৩ উইকেট করে ৬টি শিকার ধরেন। এক ধাপ এগিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে তার অবস্থান চতুর্থ। ম্যাকাইতে ৭ উইকেট নিয়ে বাংলাদেশি পেসার হিসেবে বিদেশের মাটিতে সেরা ফিগার পাওয়া শরিফুল এগিয়েছেন ১৭ ধাপ। ক্যারিয়ারের সর্বোচ্চ ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ৫৭তম। তবে তাইজুল ইসলাম ২ ধাপ (১৩তম), হাসান মাহমুদ ৯ ধাপ (৪৭তম), তাসকিন আহমেদ ২ ধাপ (৫১তম) করে পিছিয়েছেন।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের ওলি রবিনসন (১৫ ধাপ এগিয়ে ১১তম), জশ টাং (১৬ ধাপ এগিয়ে ১৭তম), জফরা আর্চার (৬ ধাপ এগিয়ে ৪০তম), শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো (৫ ধাপ এগিয়ে ১৫তম) ও প্রবাথ জয়সুরিয়া (৫ ধাপ এগিয়ে ১৬তম) ভারতের মানব সুথার (২৮ ধাপ এগিয়ে ৪৮তম) ও পাকিস্তানের আলি উসমান (৩০ ধাপ এগিয়ে ৬৭তম)।
— ICC (@ICC) August 26, 2026
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের লিটন দাস (৬ ধাপ পিছিয়ে ৩৪তম), মুমিনুল হক (৫ ধাপ পিছিয়ে ৩৬তম), মেহেদি হাসান মিরাজ (৪ ধাপ পিছিয়ে ৬৩তম), সাদমান ইসলাম (৭ ধাপ পিছিয়ে ৬৫তম)। তবে মুশফিকুর রহিম ১ ধাপ এগিয়ে ১৭তম এবং নাজমুল হোসেন শান্ত ২০তম অবস্থানে অপরিবর্তিত আছেন।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ তিনে যথাক্রমে আছেন– হ্যারি ব্রুক, জো রুট ও স্টিভ স্মিথ। ২ ধাপ এগিয়ে রাচিন রবীন্দ্র ষষ্ঠ, ৬ ধাপ এগিয়ে ঋষভ পান্ত সপ্তম ও ৩ ধাপ এগিয়ে ড্যারিল মিচেল নবম হয়েছেন। শ্রীলঙ্কার হয়ে তিন ইনিংসে পঞ্চাশোর্ধ রান করা সোনাল দিনুশা ৪৯ ধাপ এগিয়ে হয়েছেন ৫৪তম। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন নেই। শীর্ষ তিনে যথাক্রমে– রবীন্দ্র জাদেজা, মার্কো জানসেন ও মেহেদি মিরাজ।
এএইচএস
