দুই মৌসুম আগে ৩৬ দলে উন্নীত হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তখন থেকে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার ফরম্যাটও বদলে গেছে। ২০২৬-২৭ মৌসুমের মূলপর্বে লড়তে যাওয়া ৩৬ দল চূড়ান্ত। গত পাঁচ মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোতে পারফরম্যান্সের ভিত্তিতে তাদের চারটি পটে ভাগ করা হয়েছে। ড্রয়ে প্রতিটি দল চারটি পটের প্রতিটি থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে চ্যাম্পিয়ন্স লিগ লিগপর্বের ড্র অনুষ্ঠিত হবে। গতকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা নিশ্চিত হয়েছে শেষ চারটি দলের। লিগপর্বে প্রতিটি দলের আটটি ম্যাচ থাকবে, চারটি নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে।
টানা দুইবারের ইউসিএল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সরাসরি পট-১ এ জায়গা পেয়েছে। এই পটে তাদের সঙ্গে রয়েছে গত মৌসুমের ফাইনালে পিএসজির কাছে হেরে রানার্সআপ হওয়া আর্সেনাল। এ ছাড়া ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদও এক নম্বর পটে রয়েছে।
দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের ড্র করা হবে পট-২ থেকে। এই পটে রয়েছে গত মৌসুমের ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড ও এফসি পোর্তোও রয়েছে ওই পটে।

পট-৩ ও পট-৪ এর কয়েকটি দল শেষ দুই দিনে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। বুধবার প্লে-অফে লিঁওকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবার বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে উঠেছে ফেনারবাচে। পট-৩ এ তাদের সঙ্গে রয়েছে এএইকে এথেন্স। প্রথম লেগ গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে লেভস্কি সোফিয়াকে ৪-০ গোলে হারিয়ে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে গ্রিসের ক্লাবটি।
পট-৩ এর আরেকটি সম্ভাব্য কঠিন দল নরওয়ের বোডো/গ্লিম্ট। গত মৌসুমে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটি, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের বিপক্ষে দারুণ সব জয় তুলে নিয়ে শেষ ষোলোতে ওঠা দলটি এবারও বড় দলগুলোর জন্য বিপজ্জনক প্রতিপক্ষ হতে পারে। নরওয়ের আরেক দল ভাইকিং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে। প্লে-অফে দিনামো জাগরেবকে বিদায় করেছে তারা। বুধবার ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করে ভাইকিং। দলটির অবস্থান পট-৪ এ।
শেষ পটটিতে ভাইকিংয়ের সঙ্গে রয়েছে আরও তিন অভিষিক্ত দল— আজারবাইজানের সাবাহ, অস্ট্রিয়ার লাস্ক লিনজ এবং ইতালির কোমো। কোমোর কোচ চ্যাম্পিয়ন্স লিগের সাবেক রানার্সআপ সেস্ক ফাব্রেগাস। লিগ পর্ব শেষে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। আর ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো মুখোমুখি হবে নকআউট পর্বের প্লে-অফে।
চ্যাম্পিয়ন্স লিগ লিগ পর্বের ড্রয়ের জন্য চূড়ান্ত পট
পট-১ :
পিএসজি (ফ্রান্স), বায়ার্ন মিউনিখ (জার্মানি), রিয়াল মাদ্রিদ (স্পেন), লিভারপুল (ইংল্যান্ড), ইন্টার মিলান (ইতালি), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), আর্সেনাল (ইংল্যান্ড), বার্সেলোনা (স্পেন), অ্যাতলেটিকো মাদ্রিদ (স্পেন)
পট-২ :
বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), রোমা (ইতালি), স্পোর্টিং সিপি (পর্তুগাল), অ্যাস্টন ভিলা (ইংল্যান্ড), পোর্তো (পর্তুগাল), ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), ক্লাব ব্রুগ (বেলজিয়াম), রিয়াল বেটিস (স্পেন), পিএসভি (নেদারল্যান্ডস)
পট-৩ :
ফেইনুর্দ (নেদারল্যান্ডস), লিলে (ফ্রান্স), বোডো/গ্লিম্ট (নরওয়ে), নাপোলি (ইতালি), আরবি লাইপজিগ (জার্মানি), ভিয়ারিয়াল (স্পেন), ফেনারবাচে (তুরস্ক), শাখতার দোনেৎস্ক (ইউক্রেন), গালাতাসারাই (তুরস্ক)
পট-৪ :
স্লাভিয়া প্রাগ (চেকিয়া), স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া), স্টুটগার্ট (জার্মানি), এএইকে এথেন্স (গ্রিস), লাস্ক (অস্ট্রিয়া), কোমো (ইতালি), লঁস (ফ্রান্স), ভাইকিং (নরওয়ে), সাবাহ (আজারবাইজান)
এএইচএস
