ড্রাগ সেবনের দায়ে ১৫ মাসের জন্য সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞ ব্যাটার আসিফ খান। এক বিবৃতির মাধ্যমে এই শাস্তির কথা নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
২০২৫ সালের সেপ্টেম্বরে এক ডোপ টেস্টে আসিফের শরীরে নিষিদ্ধ উপাদান মাস্টারলোনের মেটাবোলাইট শনাক্ত হয়।
৩৬ বছর বয়সী এই ক্রিকেটার আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ধারা ২.১ লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়েছেন। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াদা) সঙ্গে কেস রেজুলেশন চুক্তিতে সম্মত হওয়ায় আসিফের পক্ষ থেকে কোনো আপিল বা পুনর্বিবেচনার সুযোগ থাকছে না।
এই নিষেধাজ্ঞা ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে, যা চলবে ২০২৬ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত। ২০২৬ সালের ৮ অক্টোবর থেকে দলের অনুশীলনে অংশ নিতে পারলেও প্রতিযোগিতামূলক খেলায় মাঠে নামতে পারবেন ৮ ডিসেম্বরের পরে।
২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সময়কালে আসিফের সব ব্যক্তিগত পরিসংখ্যান, জয় করা পদক, পয়েন্ট বা প্রাইজমানি বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিরুদ্ধে খেলা আসিফের শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ক্যারিয়ারের রেকর্ড বুক থেকে মুছে যাবে।
উল্লেখ্য, সাবেক এই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারের ২০২২ সালের মার্চে ওমানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়। এ পর্যন্ত তিনি দেশের হয়ে ৩৮টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এমএমএম/
