বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় শেষটা ভালো করতে না পারায় হতাশ নাফিস

অস্ট্রেলিয়ায় শেষটা ভালো করতে না পারায় হতাশ নাফিস

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ দল। ৯ উইকেটের জয়ে ডারউইন টেস্ট শুরু করলেও পরের টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। যে কারণে অস্ট্রেলিয়া ছাড়ার আগে হতাশার কথা বললেন দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল।

নাফিস বলছিলেন, 'ভালোভাবে সিরিজ শেষ করতে না পারায় আমরা হতাশ। দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো করতে পারতাম, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের শুরুটা যেভাবে করেছিলাম, সেটি বিবেচনায় নিলে। তবে প্রথম টেস্টে ছেলেরা যে মানসিক দৃঢ়তা দেখিয়েছে, তার কোনো কৃতিত্বই কেড়ে নেওয়া যায় না। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সেটি ছিল অসাধারণ এক জয়, আর এই পারফরম্যান্স আমাদের সবার জন্যই বিশেষ হয়ে থাকবে।'

নাফিস অবশ্য আশাবাদী এই সিরিজ থেকে ইতিবাচক দিক নেওয়ার জন্য, 'এই ফলাফল সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দিয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে সফল হওয়ার সামর্থ্যের ওপর বিশ্বাস আরও দৃঢ় করেছে। এই সফর থেকে আমরা ইতিবাচক দিকগুলোই সঙ্গে নেব, কারণ ইতিবাচক মনোভাবই সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা নিজেদের ভুল থেকে শিখব, নেতিবাচক বিষয়গুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যাব এবং ইতিবাচক অর্জনগুলো সঙ্গে নিয়েই আমাদের যাত্রা চালিয়ে যাব।'

পরে দর্শকদের ধন্যবাদ জানিয়ে নাফিস বললেন, 'একই সঙ্গে ডারউইন ও ম্যাকাইয়ে যারা আমাদের পাশে ছিলেন, সেই সব বাংলাদেশি সমর্থককে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। আপনাদের সমর্থন ছিল অকৃত্রিম, আবেগপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আপনাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমরা দারুণভাবে উপভোগ করেছি। আপনাদের উৎসাহ দলের জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিল।'

এসএইচ/এফআই