বিজ্ঞাপন

সোনালের অনন্য কীর্তি, ভারতকে জিততে দিলো না লঙ্কানরা

সোনালের অনন্য কীর্তি, ভারতকে জিততে দিলো না লঙ্কানরা

প্রথম ইনিংসে মাত্র ২৯০ রানে অলআউট হওয়া লঙ্কানদের জন্য নিশ্চিত হার-ই অপেক্ষা করছিল। কেউ কেউ হয়তো ভাবছিলেন, ইনিংস ব্যবধানেই হারবে স্বাগতিকরা। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণিত করলেন লঙ্কান তরুণ ব্যাটার সোনাল দিনুশা। টানা দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ব্যাটার। তাতেই জয়বঞ্চিত হয়েছে ভারত।

গল টেস্টের প্রথম ইনিংসে শতক পূরণের পর দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেছিলেন লঙ্কান তারকা ব্যাটার সোনাল দিনুশা। দ্বিতীয় ম্যাচে যেন আরও দুর্দান্ত পারফর্ম করলেন তিনি। এবার দুই ইনিংসেই শতক পূরণ করেছেন এই বাঁহাতি ব্যাটার। তাই হয়েছে অনন্য কীর্তিও। তৃতীয় লঙ্কান ব্যাটার হিসেবে চার ইনিংসে তিন সেঞ্চুরি করেছেন তিনি।

তার অনবদ্য ব্যাটিংয়ের কারণেই মূলত জয় বঞ্চিত হয়েছে ভারত। কেননা প্রথম ইনিংসে ভারতের ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণার পর ২৯০ রানেই গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ২১৩ রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করে চতুর্থ দিন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে মাত্র ২৬ রানের লিড নিতে পেরেছিল তারা।

তবে শেষ দিনে যেন রোমাঞ্চ তুলে রেখেছিলেন সোনাল দিনুশা। লো-অর্ডার ব্যাটারদের নিয়েই গড়তে থাকেন প্রতিরোধ। সপ্তম উইকেটে কেশারা নুয়ান্থার সঙ্গে তার জুটিটা ১১২ রানের। এটাই মূলত ড্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে। ফিফটি পূরণ করতে না পারলেও ১৫০ বলে গুরুত্বপূর্ণ ৪৬ রানের একটি ইনিংস খেলেন নুয়ান্থা। পরের উইকেটে নেমে ২ রান করেন প্রবাথ জয়সুরিয়া।

নবম উইকেটে সোনাল দিনুশাকে সঙ্গ দিতে থাকেন লাহিরু কুমারা। এই জুটিতে আসে ৪৭ রান। মাত্র ১২ রান করলেও ৯০টি বল মোকাবিলা করেছেন কুমারা, যা ম্যাচটি ড্র করার ক্ষেত্রে বড় অবদান রেখেছে।

নবম উইকেটের পতন ঘটলেও থামেননি দিনুশা। শেষ উইকেট জুটিতে আসিথা ফার্নান্দোকে নিয়েও লড়ে যান তিনি। শেষ পর্যন্ত দুদলই ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে।

শেষ পর্যন্ত অপরাজিত থাকা সোনাল দিনুশ সেঞ্চুরি পূরণের পর করেন ১৩৩ রান। ২৬৪ বলে খেলা তার এই অপ্রতিরোধ্য ইনিংসটি আটটি চার ও দুটি ছয়ে সাজানো। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচসেরার পুরস্কারটিও জিতেছেন তিনি।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মানব সুথার ও রবীন্দ্রো জাদেজা। আর একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

 এমএমএম/