বিজ্ঞাপন

৪ বছরের চুক্তিতে বার্সায় ক্রোয়েশিয়ার গোলরক্ষক

৪ বছরের চুক্তিতে বার্সায় ক্রোয়েশিয়ার গোলরক্ষক

ক্রোয়েশিয়ার গোলরক্ষক দোমিনিক লিভাকোভিচকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বার্সেলোনা। ফেনেরবাহচে থেকে ৩১ বছর বয়সী এই গোলরক্ষককে চার বছরের চুক্তিতে নিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। চুক্তির মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘দোমিনিক লিভাকোভিচের দলবদল নিয়ে বার্সেলোনা ও ফেনেরবাহচে এসকে সমঝোতায় পৌঁছেছে। ক্রোয়েশিয়ান গোলরক্ষক চার মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ ৩০ জুন ২০৩০ পর্যন্ত।’

গত এক সপ্তাহে লিভাকোভিচকে দলে নেওয়ার আলোচনা গতি পায়। শুরুতে বার্সেলোনার পরিকল্পনা ছিল, তাকে দলে এনে এ মৌসুমের জন্য অন্য ক্লাবে ধারে পাঠানো হবে। এরপর আগামী মৌসুমে উয়জচিয়েখ শেজনির চুক্তি শেষ হলে তাকে মূল দলে অন্তর্ভুক্ত করা হবে।

তবে সাম্প্রতিক সময়ে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে। ২০২৬ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করা লিভাকোভিচ চলতি সপ্তাহের শুরুতেই কাতালোনিয়ায় পৌঁছান। সেখানে মেডিকেল পরীক্ষা ও দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

এর মধ্য দিয়ে লা লিগায় আবারও ফিরছেন লিভাকোভিচ। গত মৌসুমের প্রথমার্ধে ফেনেরবাহচে থেকে ধারে জিরোনায় খেলেছিলেন এই ক্রোয়েশিয়ান গোলরক্ষক।

দলবদলের আর্থিক বিবরণ বার্সেলোনার বিবৃতিতে জানানো হয়নি। তবে লিভাকোভিচকে নিতে বার্সেলোনার খরচ হয়েছে প্রায় ২০ লাখ ইউরো। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরও ২০ লাখ ইউরো যোগ হতে পারে।

বার্সেলোনায় আপাতত প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে থাকবেন হোয়ান গার্সিয়া। তার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন লিভাকোভিচ। অন্যদিকে শেজনির এ মৌসুমে দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে।

এইচজেএস 

বিজ্ঞাপন