বিজ্ঞাপন

আসিয়ান মিশনের প্রস্তুতি শুরু বাংলাদেশের, দেরিতে আসবেন মিতুল

আসিয়ান মিশনের প্রস্তুতি শুরু বাংলাদেশের, দেরিতে আসবেন মিতুল

আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্ট। প্রথমবারের মতো ফিফা স্বীকৃত কোনো চূড়ান্ত পর্যায়ের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। আর আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে রাজধানীর এক শীর্ষ হোটেলে আজ থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল।

আসিয়ান টুর্নামেন্টের জন্য জাতীয় দলের আমেরিকান-জার্মান কোচ থমাস ডুলি ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন। আজ সকালে ফুটবলারদের রিপোর্টিং ছিল। নির্ধারিত সময়ে রিপোর্ট করেছেন ১৮ জন ফুটবলার। মোহামেডানের মোট নয়জন ফুটবলাররা আজ সন্ধ্যায় যোগ দিয়েছেন। শুধুমাত্র গোলরক্ষক মিতুল মারমা আজ রিপোর্ট করেননি।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘মিতুলের স্ত্রী অসুস্থ। পরিবারের পাশে থাকতে তিনি সময় চেয়েছেন। কোচও তাতে সায় দিয়েছেন। পরিবারের সংকট কাটিয়ে মিতুল ক্যাম্পে ফিরবে।’

জাতীয় ফুটবল দলের জন্য খেলোয়াড়দের ছাড় দেওয়া নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ছিল ক্লাবগুলো। আজ সকালে মোহামেডান ক্লাব ফুটবলারদের ডেকেছিল। এরপরই বিকেলে জাতীয় দলে যোগদানের সিদ্ধান্ত হয়। মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া বলেন, ‘জাতীয় স্বার্থে আমরা অবশ্যই খেলোয়াড় ছাড়ব। তবে ফেডারেশন থেকে চিঠি তো পেতে হবে। চিঠি পাওয়ার পরেই আমরা জাতীয় দলে ছাড়ার সিদ্ধান্ত দিয়েছি। ক্লাব ক্যাম্প শুরু হলে আবার ফিরে আসতে হবে।’

আজ বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলন করার কথা থাকলেও হয়নি। কোচিং স্টাফ কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। আগামীকাল থেকে পুরোদমে প্র্যাকটিস হওয়ার কথা। ইন্দোনেশিয়া যাওয়ার আগে কয়েকদিন জাতীয় স্টেডিয়ামেও হতে পারে অনুশীলন।

এজেড/এমএমএম