বিজ্ঞাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনাল খেলতে পারবেন তো গিলরা?

বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনাল খেলতে পারবেন তো গিলরা?

কলম্বো টেস্টে নিশ্চিত জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু সেই স্বপ্ন ধূলিস্বাৎ করেছেন লঙ্কান ব্যাটার সোনাল দিনুশা। ফলে ড্র মেনে নিয়েই মাঠ ছেড়েছে দুদল। এই ড্রয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের পেছনেই অবস্থান ভারতের। সেই সঙ্গে তাদের ফাইনালে উঠার সম্ভাবনা কমে গেছে অনেকাংশে।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে পাঁচটি জয়ের বিপরীতে পাঁচটিতে হেরেছে ভারত। আর একটি ম্যাচ হয়েছে ড্র। ফলে ৫১.৫২ শতাংশ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তারা।

ভারতের ঠিক উপরেই অবস্থান বাংলাদেশের। এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে তিনটিতে জিতেছে টাইগাররা। হেরেছে দুটি, একটি ড্র। বাংলাদেশের জয়ের হার ৫৫.৫৬ শতাংশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান অস্ট্রেলিয়ার। তারা গতবারের ফাইনালিস্ট। দুই নম্বরে আছে আরেক ফাইনালিস্ট ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। এই দুই দলের আবারও ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয় বেশি। টেবিলের তিন নম্বরে আছে নিউজিল্যান্ড।

আর চারে বাংলাদেশ, পাঁচে ভারত। ছয় নম্বরে অবস্থান শ্রীলঙ্কার। সাতে আছে ইংল্যান্ড। এই সাত দলেরই ফাইনালে উঠার সম্ভাবনা রয়েছে। বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ফাইনালে উঠার দৌড় থেকে ছিটকে গেছে।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ড্র করার পর ভারতের ফাইনালে উঠার রাস্তাটা আরেকটু কঠিন হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে আটটি টেস্ট বাকি রয়েছে ভারতের। এর মধ্যে কমপক্ষে সাতটি কিংবা আটটি ম্যাচ জিততে পারলেই কেবল ফাইনালে উঠতে পারবে তারা। ছয়টি ম্যাচ জিতলে তাদের জয়ের হার হবে ৬১.১১ শতাংশ। আর বাকি দুটো ম্যাচ ড্র করলে তাদের জয়ের হার হবে প্রায় ৬৫। সেক্ষেত্রেও ফাইনালে উঠার সম্ভাবনা থাকবে তাদের।

কিন্তু ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে নিউজিল্যান্ড সফরে। কেননা ২০০৯ সালের পর থেকে নিউজিল্যান্ডে গিয়ে কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি তারা।

এরপরও ফাইনাল খেলতে পারবে বলে আত্মবিশ্বাসী ভারতের অধিনায়ক শুভমান গিল। কলম্বো টেস্ট শেষে তিনি বলেন, ‘নভেম্বরে নিউজিল্যান্ডে গিয়ে ভালো সিরিজ খেলার অপেক্ষায় আছি। তারপর দেশে একটি সিরিজ (অস্ট্রেলিয়া) আছে। আশাকরি নিউজিল্যান্ডে ভাল খেলে সম্ভাবনা ধরে রাখতে পারব। যতদিন সুযোগ আছে, বিশ্বাসটা রেখে যাব।’

এমএমএম/