বিজ্ঞাপন

ইংলিশ গণমাধ্যমে ইমরানপুত্রদের সাক্ষাৎকার, ম্যাচ বয়কটের হুমকি পাকিস্তানের

ইংলিশ গণমাধ্যমে ইমরানপুত্রদের সাক্ষাৎকার, ম্যাচ বয়কটের হুমকি পাকিস্তানের

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিন বছর ধরে দেশটির কারাগারে আছেন। ইতোমধ্যে একাধিক মামলায় কারাদণ্ডও পেয়েছেন তিনি। তবে পরিবারের অভিযোগ ঠিকমতো সাক্ষাৎ এবং চিকিৎসা পাচ্ছেন না ইমরান। যা নিয়ে বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটাররাও সরব, চিঠি দিয়েছেন পাকিস্তান সরকারকে। এরই মাঝে ইংলিশ গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরানের দুই সন্তান। 

সংবাদমাধ্যম স্কাইয়ের নেওয়া কাসিম খান ও সুলাইমান খানের ওই সাক্ষাৎকার সম্প্রচারিত হলে ইংল্যান্ডের সঙ্গে চলমান লর্ডস টেস্ট বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আলোচনার সময় স্কাই সাক্ষাৎকারটি প্রচার করতে দেরি করলেও শেষ পর্যন্ত ১৮ মিনিটের ক্লিপটি সম্প্রচার করে। যা নিয়ে পরে ক্ষোভ প্রকাশ করে পিসিবি।

dhakapost
ইমরানপুত্র কাসিম ও সুলাইমান খানের সাক্ষাৎকার নিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনের নেওয়া সাক্ষাৎকারটি যখন প্রচার হচ্ছিল, তখনই পাকিস্তানের খেলোয়াড়রা বিকেলের সেশনের প্রস্তুতি হিসেবে মাঠে ওয়ার্ম-আপ শুরু করে দিয়েছিলেন। পরে সামান্য বিলম্বের হুমকি থাকলেও স্বাভাবিকভাবেই খেলা শুরু হয়। এর আগে স্কাই স্পোর্টসে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার করা হলে লর্ডসে মধ্যাহ্নভোজের পর পাকিস্তান দল আর মাঠে ফিরবে না বলে পিসিবি হুমকি দিয়েছিল।

পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ধারণা করা হচ্ছে, সরকারবিরোধী সমালোচকদের প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়ায় তিনি অসন্তুষ্ট ছিলেন। ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নবিরতিতে সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই। লর্ডসের প্যাভিলিয়নে আগেই ধারণ করা হয়েছিল ওই সাক্ষাৎকার, যেখানে ইমরান খানের একটি প্রতিকৃতি ঝুলছে।

জেমাইমা গোল্ডস্মিথ ও ইমরান খানের দাম্পত্য জীবনের দুই সন্তান কাসিম ও সুলাইমান খান অভিযোগ করেছেন, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেট অধিনায়ককে ‘হত্যার চেষ্টা’ করছে পাকিস্তান সরকার। যিনি ২০২২ সালের আগস্টে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক অভিযোগের জেরে গত তিন বছর ধরে পাকিস্তানে কারাগারে বন্দি আছেন।

৭৩ বছর বয়সী ইমরান ২০১৮ সালে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হন। এটি ছিল তার বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবনের আরেকটি অধ্যায়, যার মধ্যে রয়েছে ৮৮টি টেস্ট ম্যাচ খেলা এবং ১৯৯২ সালে বিশ্বকাপ জয়। 

বৃষ্টিবিঘ্নিত দিনে পাকিস্তানের পেস আগুনে পুড়ল ইংল্যান্ড

এদিকে, চলমান লর্ডস টেস্টে বেশ স্বস্তিতে আছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছে স্রেফ ৫৬ ওভার। তবে এরই মাঝে ৯ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে সফরকারীরা, বিনিময়ে ২৪৮ রান করেছে স্বাগতিক ইংল্যান্ড। এখন পর্যন্ত পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ৪ এবং মোহাম্মদ আলি ৩ উইকেট নিয়েছেন।

এএইচএস