একের পর এক হারে বিপর্যস্ত ছিল ইন্টার মায়ামি। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে তারা চারটিতেই হেরেছে। সেই দুরবস্থা কাটাতে এবার নতুন কোচ নিয়োগ দিয়েছে লিওনেল মেসিদের ক্লাবটি। আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্তিয়ান আলবার্তো ‘কিলি’ গঞ্জালেজ।
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে চাকরির অনুমতি (ওয়ার্ক পারমিট) পাওয়ার অপেক্ষায় আছেন আর্জেন্টিনার হয়ে ৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই উইঙ্গার। তবে ইতোমধ্যেই প্রধান কোচ হিসেবে নিয়োগের তথ্য নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। তিনি যুক্তরাষ্ট্রের অনুমতি পাওয়ার আগপর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হোয়োস দায়িত্ব পালন করবেন।
গত এপ্রিল মাসে মায়ামি কোচের পদ থেকে সরে দাঁড়ান হাভিয়ের মাশ্চেরানো। এরপর মায়ামির পেশাদার উন্নয়ন কাঠামোর দায়িত্বে থাকা হোয়োস সাময়িকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। গত মাসে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভিড়িয়ে মায়ামি তাদের শক্তি বাড়ালেও, লিওনেল মেসি এবং আরও অনেক প্রতিষ্ঠিত খেলোয়াড় দলে থাকা সত্ত্বেও ফলাফলের ক্ষেত্রে হতাশা অব্যাহত রয়েছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এমএলএস কাপে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরে বেশ ব্যাকফুটে অবস্থানে। এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের লিগ টেবিলে তাদের বর্তমান অবস্থান দ্বিতীয়, তবে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ইন্টার মায়ামির ব্যবধান ১০ পয়েন্ট।

নতুন করে ইন্টার মায়ামির প্রধান কোচ হওয়া ক্রিস্তিয়ান গঞ্জালেস আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে বেশ নামকরা ছিলেন। ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন ৫৬ ম্যাচ, গোল ৯টি। এ ছাড়া ইউরোপের শীর্ষ ক্লাবেও তার খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রালসহ তিনটি ক্লাবের দায়িত্ব পালন করেন সাবেক এই উইঙ্গার।
এএইচএস
