২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার ইচ্ছা আগেই জানিয়েছেন রোহিত শর্মা। তবে বয়স বাড়ার সঙ্গে সেই স্বপ্ন পূরণ করতে তাকে পেরোতে হবে কঠিন এক পরীক্ষা। প্রতিভা ও অভিজ্ঞতা থাকলেও নিয়মিত কঠোর অনুশীলন, ফিটনেস ধরে রাখা এবং শতভাগ ডেডিকেশনই হবে বিশ্বকাপে ফেরার মূল চাবিকাঠি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ মনে করেন, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা রোহিতকেই নিতে হবে।
সম্প্রতি স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ ওয়াহ বলেন, ‘রোহিতের আন্তর্জাতিক পর্যায়ে রান করার মতো প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু প্রতিভা দিয়ে বিশ্বকাপ দল গঠন সম্ভব নয়। এজন্য দরকার শতভাগ শারীরিক ও মানসিক প্রস্তুতি।’
তিনি আর বলেন, ‘এই বয়সে কঠোর প্রশিক্ষণ নেওয়া এবং প্রতিদিনের ত্যাগ স্বীকার করার তীব্র ইচ্ছা আছে কি না, তা কেবল রোহিত নিজেই ভালো বলতে পারবেন।’

টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরে যাওয়া রোহিত ইতোমধ্যেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার এবং ভারতের হয়ে শিরোপা জেতার ইচ্ছা প্রকাশ করেছেন। এবছরের জুলাইয়ে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে তিনি ১১০ বলে ১৩৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন।
ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে ১৫৭৫ রান ও সর্বোচ্চ ৭টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে।
এমএমএম/
