এশিয়ান গেমস শুরুর আগেই আবাসন ব্যবস্থা নিয়ে চরম বিপাকে পড়েছে আয়োজক জাপান। টুর্নামেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা প্রাথমিক ধারণার চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে প্রায় ১৭ হাজারে পৌঁছানোয় তৈরি হয়েছে এই সংকট। পরিস্থিতি সামাল দিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) কাছে অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর অনুরোধ জানিয়েছেন জাপানি আয়োজকরা।
আয়োজকরা প্রাথমিকভাবে ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার জন্য বাজেটিং এবং থাকার সংস্থান করেছিলেন। তবে মার্চ মাসে টেকবল এবং প্যাডেলের মতো নতুন খেলা অন্তর্ভুক্ত করায় অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১৭ হাজারে।
পর্যাপ্ত বাজেট ও জায়গা না থাকায় বাড়তি অ্যাথলেট ও কর্মকর্তাদের নিজ দায়িত্বে থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে।
প্রথাগত অ্যাথলেটস ভিলেজ না থাকায় বিকল্প হিসেবে জাহাজে (ক্রুজ শিপ) চার থেকে পাঁচ হাজার অ্যাথলেটের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কন্টেইনার আকারের অস্থায়ী বাসস্থান, বিভিন্ন হোটেল এবং টোকিওর কিছু আবাসন ব্যবহার করা হচ্ছে।
আবাসন সংকটের পাশাপাশি ক্রিকেটের অস্থায়ী ভেন্যু নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। নাগয়ার কোরোগো স্পোর্টস পার্ক- যা কিছুদিন আগেও বেসবল মাঠ হিসেবে ব্যবহৃত হতো, সেটিকে ক্রিকেটের জন্য প্রস্তুত করায় আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভেন্যুটির মান নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অন্যান্য সদস্যরাও অসন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৬ এশিয়ান গেমস আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি প্রিফেকচারের নাগয়া শহর ও এর আশেপাশের অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমএমএম/
