বিজ্ঞাপন

বিষণ্ণতায় ভুগছেন আলভারেজ

বিষণ্ণতায় ভুগছেন আলভারেজ

অ্যাতলেটিকো মাদ্রিদের অনুশীলনে হুলিয়ান আলভারেজের হদিস মিলছে না। তবে তিনি আলোচনায় দলবদলের গুঞ্জনের কারণে। সম্প্রতি বার্সেলোনার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে মাদ্রিদ ক্লাব। তাকে কোনোভাবে কাতালানদের কাছে বিক্রি করবে না বলে ঘোষণা দিয়েছে অ্যাতলেটিকো। এদিকে স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, বিষণ্ণতায় ভুগছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

টানা তৃতীয় দিনের মতো অনুশীলনে দেখা যায়নি আলভারেজকে। সেভিয়ার বিপক্ষে লা লিগা খেলতে আগামীকাল দলের সঙ্গে যাচ্ছেন না তিনি। কোচ ডিয়েগো সিমিওনে বললেন, ‘হুলিয়ান আমাদের সঙ্গে আগামীকাল সফরে যাচ্ছে না। ক্লাব তার ব্যাপারে পরিষ্কার। যখন সে অনুশীলনে ফিরবে, আমি তাকে সবসময়ের মতো এই ক্লাবে গুরুত্বপূর্ণ অনুভব করাতে সম্ভাব্য সবকিছু করব। এখন সে ভালো বোধ করছে না।’ রেডিও কোপ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘হুলিয়ান বিষণ্ণতায় ভুগছেন।’

অ্যাতলেটিকোর প্রধান নির্বাহী গিল মারিন জানিয়ে দিয়েছেন, শুরুতে স্বাস্থ্যগত সমস্যা ছিল। কিন্তু এখন তিনি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।

তার কথা, ‘হুলিয়ান সত্যিই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু লোক তাকে দ্বিধায় ফেলে দিচ্ছে। আমি এজন্য খুবই দুঃখিত। আমি তাকে জানি, কিছ ‍সময় আমরা তার সঙ্গে কাজ করছি। সে একজন দারুণ পেশাদার ও ফুটবলার। ব্যক্তিগত ও পেশাদার পর্যায়ে সে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।’

এফএইচএম