বিজ্ঞাপন

কিংসকে আরেক দফা সময় দিলো বাফুফে

কিংসকে আরেক দফা সময় দিলো বাফুফে

ঘরোয়া ফুটবলে দলবদলের বাজার বন্ধ হবে ৩ সেপ্টেম্বর। ফুটবলার নিবন্ধনের আগে ক্লাবগুলোকে লাইসেন্সিং করতে হয়। আজ (২৮ আগস্ট) ছিল ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিন। এখন পর্যন্ত বসুন্ধরা কিংসের চারটি ও ফকিরেরপুল ইয়ংমেন্সের দুটি ফিফা নিষেধাজ্ঞা থাকায় তারা লাইসেন্সিং করতে পারেনি।

বসুন্ধরা কিংস ফুটবলারদের প্রাপ্য বকেয়া শোধ করেছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়ে ফিফার নিষেধাজ্ঞা উঠতে আরও ২-৩ কর্মদিবস প্রয়োজন হতে পারে। বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলকে তাই বাফুফে আরও চার দিন বাড়িয়ে দিয়েছে ক্লাব লাইসেন্সিং করার জন্য। ১ সেপ্টেম্বরের মধ্যে তারা ক্লাব লাইসেন্স করতে পারবে। বাফুফের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়লেও ৩ সেপ্টেম্বরের পর দলবদলের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই।

বাংলাদেশ ফুটবল লিগে অবনমিত হওয়া ফকিরেরপুল ইয়ংমেন্সকে লিগে খেলার সুযোগ দিয়েছে বাফুফে। তারাও ফিফা রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। দুটি নিষেধাজ্ঞা কাটানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সংশ্লিষ্ট দুই ফুটবলারের সঙ্গে তারা চুক্তি করেছে। তবে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের ব্যাংক কপি এখনও ফেডারেশনের কাছে নেই। বসুন্ধরা কিংস প্রায় সপ্তাহ খানেক তাদের পাওনা পরিশোধ করেছে এবং ব্যাংকের কপি ফেডারেশনে দিয়ে অবহিত করেছে। 

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদল সম্পন্ন করছে। সংকটে থাকলেও তারা বিদেশি ফুটবলার দলে ভেড়াচ্ছে। ২০১৪ সালে নাইজেরিয়ার হয়ে ব্রাজিল বিশ্বকাপে খেলা ফুটবলারকে আবাহনী এবার দলে নিয়েছে। 

৩ সেপ্টেম্বর দলবদল শেষে ঘরোয়া ফুটবল কবে নাগাদ মাঠে গড়াবে সেটা নিয়ে সংশয় রয়েছে। ১৮ সেপ্টেম্বর লিগ শুরুর ঘোষণা ফেডারেশন দিলেও বাস্তবিক অর্থে সেটা সম্ভব মনে হচ্ছে না ফুটবলসংশ্লিষ্টদের কাছে। 

এজেড/এফএইচএম