বিজ্ঞাপন

২১ সাবেক অধিনায়কের সঙ্গে ইমরানের পাশে দাঁড়ালেন কামিন্স

২১ সাবেক অধিনায়কের সঙ্গে ইমরানের পাশে দাঁড়ালেন কামিন্স

পাকিস্তানের লিজেন্ড ইমরান খানের সুচিকিৎসার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন সাবেক আন্তর্জাতিক অধিনায়করা। এবার তাদের সঙ্গে একই কণ্ঠে আওয়াজ তুললেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। 

দুর্নীতির দায়ে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি আছেন ইমরান। ৭৩ বছর বয়সী সাবেক অধিনায়ককে সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ইসলামাবাদে নেওয়া হয়। পরে আবার তাকে কারাগারে পাঠানো হয়। তার দুই ছেলে সুলাইমান ও কাসিম বাবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ইমরানকে মেরে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। এমন সময়ে প্রথম সক্রিয় অধিনায়ক হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের পাশে দাঁড়ালেন কামিন্স।

গত সপ্তাহে ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারসহ ২১ জন সাবেক অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি লেখেন। এই দাবি জানানো সাবেক অধিনায়কদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ান লিজেন্ড গ্রেগ চ্যাপেলও।

ইমরানের চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে চ্যাপেলের বক্তব্যের একটি ছোট ভিডিও ক্লিপের উদাহরণ টেনে কামিন্স এক্স-এ লিখেছেন, ‘জিসি (গ্রেগ চ্যাপেল) ও অন্য আরও সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের প্রতি আমি আমার সমর্থন জানাচ্ছি। আমি আশা করি আদালত তার সুচিকিৎসায় সহযোগিতা করবে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত থাকবে। আমি আশা করব ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে, যেমনটা অন্য সবার প্রাপ্য।’

চিঠিতে স্বাক্ষর করা ২১ ক্রিকেটার হলেন—মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।

এফএইচএম