খেলোয়াড়ি জীবনের অন্যতম প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচের ভূয়সী প্রশংসা করেছেন টেনিস অঙ্গনের অন্যতম সেরা তারকা রজার ফেদেরারের। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও জোকোভিচ যেভাবে নিজের পারফরম্যান্স ও ফিটনেস ধরে রেখেছেন, তাকে অসাধারণ বলে মন্তব্য করেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার।
সম্প্রতি ফ্লাশিং মেডোসে (ইউএস ওপেন) একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফেদেরার এসব কথা বলেন।
নোভাক জোকোভিচকে সর্বকালের সেরা হিসেবে গণ্য করার বিষয়ে প্রশ্ন করা হলে ৪৫ বছর বয়সী ফেদেরার জানান, এতে তার কোনো আপত্তি নেই। জোকোভিচ যা অর্জন করেছেন তা অবিশ্বাস্য।
ফেদেরার স্বীকার করেন যে, তিনি ভেবেছিলেন জোকোভিচের ক্যারিয়ারে হয়তো বড় ধরনের পতন দেখা যাবে। কিন্তু গত বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছানো এবং চলতি বছরেও তার ধারা বজায় রাখা সবাইকে অবাক করেছে।
জোকোভিচের ক্যারিয়ারের শুরুর দিকের খুঁতগুলো শুধরে নিয়ে হার্ড কোর্ট, ঘাস ও কাদা—সব ধরনের কোর্টেই নিজেকে যেভাবে মানিয়ে নিয়েছেন, তা প্রশংসনীয়।
বর্তমানে নোভাক জোকোভিচ ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে লড়ছেন, যা অর্জিত হলে তিনি মার্গারেট কোর্টের ২৪টি একক মেজরের সর্বকালের ঐতিহাসিক রেকর্ড ছাড়িয়ে এককভাবে শীর্ষে পৌঁছে যাবেন।
এমএমএম/
