উইন্ডহুকে নামিবিয়া আরেকটি স্মরণীয় জয় পেয়েছে। আজ (শুক্রবার) দক্ষিণ আফ্রিকাকে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৮ রানে জিতেছে তারা। এনিয়ে প্রোটিয়াদের বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলে নামিবিয়া দুটিই জিতল। গত বছর অক্টোবরে একমাত্র ম্যাচে শেষ বলের রোমাঞ্চে চার উইকেটে জিতেছিল তারা।
আগে ব্যাটিং করে নামিবিয়া ৯ উইকেটে ১৬৩ রান করে। লুরেন স্টিনক্যাম্প ও জ্যান ফ্রাইলিঙ্কের ৮৪ রানের জুটি ভাঙে দশম ওভারে। ২৯ বলে ৪১ রানে প্রোটিয়াদের নতুন অধিনায়ক বিয়র্ন ফোরটুইনের শিকার হন স্টিনক্যাম্প।
ফ্রাইলিঙ্ক ৩৮ বলে ৬ চার ও ২ ছয়ে ৬০ রান করেন ফ্রাইলিঙ্ক। তারপর ১৩৩ রানের মধ্যে দল ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। শেষের আগের ওভারে টানা দুটি উইকেট হারায় নামিবিয়া। রুবেন ট্রাম্পেলম্যান ৬ বলে ১২ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় স্কোর দেড়শ পার করেন।
প্রেনেলান সুবরায়েন দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান মার্কো ইয়ানসেনের ভাই ডুয়ান ইয়ানসেন। সমান উইকেট নেন ফোরটুইন।
লক্ষ্যে নেমে টানা দুই ওভারে ১৯ রানের মধ্যে দুই ওপেনার জর্ডান হারমান ও লুয়ান দ্রে প্রিটোরিয়াস প্যাভিলিয়নে ফেরেন। ডেভাল্ড ব্রেভিস একপ্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে থিতু হতে পারছিলেন না কেউ।
মাঝের ওভারে আরও দুটি উইকেট হারায়, তাতে ৮৬ রানে ৫ ব্যাটারের বিদায়। এরপর ব্রেভিস ও ইয়ানসেন হাল ধরেছিলেন। ডেথ ওভার শুরুর আগে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ১০৬ রান। মানে ৩০ বলে লাগত আরও ৫৮ রান। ততক্ষণে ৩৯ বলে তিনটি করে চার-ছয়ে ফিফটির দেখা পান ব্রেভিস।
দল আরও সংকটে পড়ে যায়, তাদের তারকা ক্রিকেটারের পতনে। ১৮তম ওভারের শেষ বলে ব্রেভিসকে থামান ট্রাম্পেলমান। ৫০ বলে ৪ চার ও ৫ ছয়ে ৭৫ রান করে আউট হন প্রোটিয়া ব্যাটার। তাতে ১২ বলে ৩১ রানের লক্ষ্য পাহাড়সম হয়ে দাঁড়ায়।
ক্রিজে নেমে ফোরটুইন অবদান রাখতে পারেননি। ২ বল খেলে ডাক মারেন। তখনও ৮ বল বাকি, রান প্রয়োজন ২৮! শেষ ওভারে জেজে স্মিটের দায়িত্ব ছিল ২৮ রান আটকানো। ইয়ানসেন প্রথম দুই বলে ডাবলস ও ছক্কা মারলেও পরের চার বলে দক্ষিণ আফ্রিকা আরও দুটি উইকেট হারায়। ৯ উইকেটে ১৪৫ রানে থামে প্রোটিয়ারা। স্মিট ও ট্রাম্পেলমান তিনটি করে উইকেট নিয়ে নামিবিয়ার সেরা বোলার।
হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা দক্ষিণ আফ্রিকা আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে।
এফএইচএম
