বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ফিফা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে। কোচ ও ফুটবলারদের বকেয়ার জন্য তাদের নিষেধাজ্ঞা বাড়তে বাড়তে ১৪টি হয়েছিল। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পর্যন্ত তাদের নিষেধাজ্ঞা ছিল চারটি। রাতে একযোগে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। এখন লিগের দলবদলে অংশ নিতে তাদের আর কোনো বাধা নেই।
বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর জন্য ঘরোয়া ফুটবলের দলবদল বেশ কয়েক দফা পিছিয়েছে। ঢাকা আবাহনী সপ্তাহ দুয়েক আগে নিষেধাজ্ঞামুক্ত হয়ে দলবদল করেছে। বসুন্ধরা কিংস ধাপে ধাপে তাদের নিষেধাজ্ঞা কমিয়ে আনছিল অর্থ পরিশোধ করে। শেষ পর্যন্ত তারা দলবদলের নির্দিষ্ট সময়ের মধ্যেই নিষেধাজ্ঞা মুক্ত হয়েছে।
ফিফা রেজিষ্ট্রেশন ব্যানের তালিকায় এখন বাংলাদেশের ফাইল চারটি। দুটি শেখ জামাল ধানমন্ডি ক্লাব, একটি ফেনী সকার, আরেকটি ফকিরেরপুল ইয়ংমেন্স। ফকিরেরপুলের নিষেধাজ্ঞা ছিল দুটি। আজ একটি প্রত্যাহার হয়েছে। ১ সেপ্টেম্বরের মধ্যে আরেকটি প্রত্যাহার হলে তারা ক্লাব লাইসেন্স করে ৩ সেপ্টেম্বর দলবদল করতে পারবে।
এজেড/এফএইচএম
