বিজ্ঞাপন

‘পাকিস্তানের ব্যাটিং লাইনআপ সবচেয়ে সহজ, বোলাররাও পছন্দ করে’

‘পাকিস্তানের ব্যাটিং লাইনআপ সবচেয়ে সহজ, বোলাররাও পছন্দ করে’

লিডসে ইনিংস ব্যবধানে হেরে ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরু করেছিল পাকিস্তান। লর্ডসে চলমান দ্বিতীয় টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রথম ইনিংসে স্রেফ ১১০ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হাতে থাকতেই ইংলিশদের লিড দাঁড়িয়েছে ২৬১ রান। প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জ জানাতে না পারা পাকিস্তানি ব্যাটারদের নিয়ে ব্যাপক কৌতুকে মেতেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।

বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি একদম খোলাখুলিই বলছি। ইংল্যান্ডের বোলাররা কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছেন না। আর পাকিস্তানের এই ব্যাটিং লাইন-আপের বিপক্ষে বল করাটা সম্ভবত আমার দেখা দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে সহজ কাজ। শুধু তাই নয়, একজন বোলার হিসেবে আমার মনে হয় তারা সবাই বল করার জন্য মুখিয়ে আছেন, কারণ তারা জানেন যে এখানে উইকেট পাওয়ার ভালো সুযোগ রয়েছে।’

‘এখানে কোনো আঘাত পাওয়ার ভয় নেই। এমন কোনো ব্যাটার নেই যারা তাদের কোনো ক্ষতি করতে পারবে। কারও পক্ষেই তাদের বোলিং পরিসংখ্যান খারাপ করে দেওয়া সম্ভব নয়। পরিস্থিতিটা অনেকটা এমন– “এসো, এসো, কে কে উইকেট নিতে চাও?”’, আরও যোগ করেন সাবেক ইংলিশ তারকা ভন।

ইনিংস এবং ১০৩ রানের বড় ব্যবধানে হারের পর লর্ডসে পাকিস্তানের প্রথম ইনিংস টিকেছে ৩৭.২ ওভার। সেই প্রসঙ্গ টেনে মাইকেল ভন বলছেন, ‘আমার মনে হয় তাদের (ইংল্যান্ড দল) সবাই জানে যে, পাকিস্তান বড় স্কোর করতে পারবে না। ফলে আপনি মাত্র ৪০-৫০ ওভারের মতো করতে যাচ্ছেন, ফলে নিজের স্পেলে সর্বোচ্চটা দেওয়ারই চেষ্টা করবেন। আপনি জো রুটকে গিয়ে বলতে থাকবেন– “এররর..আমি আরেকবার বল করতে চাই”। কারণ এখানে অনেক উইকেট নেওয়ার সুযোগ আছে।’

পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্তরের সঙ্গেও তুলনা করলেন বর্তমান এই ইংলিশ ধারাভাষ্যকার, ‘বিষয়টা (বোলিং) খুবই সহজ। তারা এখনও ভালো পারফর্ম করছে এবং প্রতিপক্ষের জন্য বেশ বিপজ্জনক হয়ে উঠছে। আমার মনে হয়, তারা যেভাবে বোলিং করছে, তাতে এই ধারা অব্যাহত থাকলে শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু পাকিস্তানের ব্যাটিংয়ের অবস্থা দেখুন– এটা কি কোনো দ্বিতীয় সারির কাউন্টি ক্রিকেট? তাদের ব্যাটিংয়ের মান দেখে কোনোভাবেই মনে হয় না যে এটি একটি টেস্ট ম্যাচের ব্যাটিং লাইনআপ।’

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে পয়েন্ট তালিকায় পাকিস্তান সবার নিচে অবস্থান করছে। ৭ ম্যাচ খেলে তারা মাত্র ১৬ পয়েন্ট অর্জন করেছে। যা শতাংশের হিসাবে স্রেফ ১৯।

এএইচএস