বিজ্ঞাপন

এক ম্যাচে দুই রেকর্ড গড়লেন ম্যানুয়েল নয়ার

এক ম্যাচে দুই রেকর্ড গড়লেন ম্যানুয়েল নয়ার

নতুন বুন্দেসলিগা মৌসুমের পর্দা উঠেছে। আর উদ্বোধনী ম্যাচেই ব্যক্তিগত দুটি মাইলফলক ছুঁয়েছেন বায়ার্ন মিউনিখের কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।

রেকর্ড ৩৩ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের গোলপোস্টের নিচে যথারীতি ছিলেন ৪০ বছর বয়সী নয়ার। এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০০তম ম্যাচ খেললেন তিনি।

একই সঙ্গে এটি বুন্দেসলিগায় তার ২১তম মৌসুম। ২০১১ সালে শালকে-০৪ থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর ধীরে ধীরে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন নয়ার।

বায়ার্নের জার্সিতে এখন পর্যন্ত অসংখ্য সাফল্য পেয়েছেন জার্মানির এই গোলরক্ষক। জিতেছেন একাধিক বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা। এর মধ্যে দুবার চ্যাম্পিয়নস লিগের ট্রফিও উঁচিয়ে ধরেছেন তিনি। বয়স ৪০ পেরোলেও ফুটবলের প্রতি নয়ারের ক্ষুধা অবশ্য এতটুকু কমেনি। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই সেটির আরেকটি প্রমাণ দিলেন তিনি।

বায়ার্নের হয়ে ৬০০ ম্যাচ এবং বুন্দেসলিগায় ২১ মৌসুম—সংখ্যা দুটিই বলে দিচ্ছে, জার্মান ক্লাব ফুটবলে নয়ারের অধ্যায় কতটা দীর্ঘ ও বর্ণিল।

এইচজেএস