বিজ্ঞাপন

লিভারপুলে যোগ দিতে আজই ইংল্যান্ডে যাচ্ছেন বারকোলা

লিভারপুলে যোগ দিতে আজই ইংল্যান্ডে যাচ্ছেন বারকোলা

লিভারপুলে যোগ দেওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা। ফরাসি সংবাদমাধ্যম এল’ইকিপের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড আজই ইংল্যান্ডে যাচ্ছেন। সেখানে মেডিকেল ও দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করে লিভারপুলে যোগ দেওয়ার কথা তার।

বারকোলাকে দলে নিতে লিভারপুলের খরচ হতে পারে প্রায় ১৪০ মিলিয়ন ইউরো। পিএসজির হয়ে নিয়মিত একাদশে জায়গা নিশ্চিত করতে না পারলেও ইউরোপের অন্যতম সম্ভাবনাময় উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

গত মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টি গোল ও অ্যাসিস্টে অবদান রেখেছেন বারকোলা। ফ্রান্স জাতীয় দলের হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

রক্ষণভাগের খেলোয়াড়কে ওয়ান টু ওয়ান লড়াইয়ে কাটিয়ে ওঠার দক্ষতাই বারকোলার বড় শক্তি। ড্রিবলিং ও গতি দিয়ে প্রতিপক্ষের রক্ষণে অস্থিরতা তৈরি করতে পারেন তিনি। ফলে লিভারপুলের আক্রমণে বৈচিত্র্য বাড়াবেন এই ফরাসি ফরোয়ার্ড।

উইঙ্গার সংকটও ছিল লিভারপুলের। এই মুহূর্তে দলে বিশেষজ্ঞ উইঙ্গার হিসেবে আছেন ভিক্টর মুনিওজ ও রিও এনগুমোহা। মুনিওজ এই গ্রীষ্মেই লিভারপুলে যোগ দিয়েছেন এবং ইংলিশ ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আছেন। আর এনগুমোহা এখনো অনভিজ্ঞ। ফলে পুরো মৌসুম তার ওপর নিয়মিতভাবে নির্ভর করা কঠিন।

এ কারণেই অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত একজন আক্রমণাত্মক খেলোয়াড়ের প্রয়োজন ছিল লিভারপুলের। সেই জায়গায় বারকোলাকে আদর্শ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।

এইচজেএস