আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর একমাসেরও বেশি সময় কেটে গেছে। কিন্তু সেই ঐতিহাসিক ও নাটকীয় ফাইনালের রেশ এখনও কাটেনি।
রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠে বড় ধরনের হাতাহাতির ঘটনা ঘটেছিল। তাতে আর্জেন্টাইন দলের তিন ফুটবলার ও স্পেনের গাভি শাস্তি পেয়েছেন।
ঘটনা প্রধান চরিত্র লিয়ান্দ্রো পারেদেস সবচেয়ে কঠোর শাস্তি পেয়েছেন। তাকে জরিমানার পাশাপাশি ১০ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। সপ্তাহখানেক আগে এই শাস্তি পেলেও শুক্রবার এনিয়ে নীরবতা ভাঙলেন বোকা জুনিয়র্স তারকা।
লানুসের বিপক্ষে বোকার ছোট জয়ের পর ঘটনা সম্পর্কে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে শাস্তি প্রসঙ্গ আসে।
পারেদেস এই শাস্তিকে ‘অতিরঞ্জিত’ বললেন, ‘এটা অতিরঞ্জিত মনে হচ্ছে। আরেকটি ব্যাপার অদ্ভুত, গাভিকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করা হলো। অথচ সে আমার বুকে ঘুষি মেরেছিল।’
আর্জেন্টিনার আরও দুই খেলোয়াড় ও এক কোচও নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন। নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। থিয়াগো আলমাদাকে দুই ম্যাচ এবং লিওনেল স্কালোনির স্টাফ দলের সদস্য রবার্তো আয়ালাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বড় অঙ্কের জরিমানা করা হয়েছে পারেদেস ও মোলিনাকে। দুজনকেই ৯০ হাজার মার্কিন ডলার গুনতে হবে। এছাড়া শাস্তি পাওয়া বাকি তিন জনকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
এফএইচএম
