আক্রমণভাগ শক্তিশালী করতে এভারটনের সেনেগালিজ ফরোয়ার্ড ইলিমান ন্দিয়ায়েকে দলে নেওয়ার চেষ্টা করছে টটেনহাম হটস্পার। তাকে পেতে সাবেক ক্লাবের কাছে রিচার্লিসনকে ফেরত পাঠানোর প্রস্তাবও দিতে পারে উত্তর লন্ডনের ক্লাবটি।
সাংবাদিক সাশা তাভোলিয়েরির বরাতে জানা গেছে, ২৬ বছর বয়সী ন্দিয়ায়েকে দলে নিতে আগ্রহী টটেনহাম। তাকে দলে পেতে রিচার্লিসনকে চুক্তির অংশ হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে ক্লাবটির। এভারটনও যদি প্রস্তাবটি গ্রহণ করে, তাহলে ন্দিয়ায়ে টটেনহামে যেতে পারেন।
এভারটনে যোগ দেওয়ার পর থেকেই ন্দিয়ায়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ইংলিশ ফুটবলে মানিয়ে নেওয়া এই সেনেগালিজ ফরোয়ার্ড টটেনহামের আক্রমণভাগে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুই প্রান্তে আরও মানসম্পন্ন খেলোয়াড় প্রয়োজন টটেনহামের। সেই জায়গায় ন্দিয়ায়ে হতে পারেন কার্যকর সংযোজন।
অন্যদিকে টটেনহামে সময়টা খুব একটা ভালো কাটছে না রিচার্লিসনের। চোটের সমস্যায় নিয়মিত খেলতে পারেননি, পারফরম্যান্সেও প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এর মধ্যে আক্রমণভাগে নতুন খেলোয়াড় আসায় টটেনহামে রিচার্লিসনের নিয়মিত খেলার সুযোগ আরও কমে যেতে পারে। এমন পরিস্থিতিতে পুরোনো ঠিকানা এভারটনে ফেরা তার জন্যও ভালো বিকল্প হতে পারে।
এভারটনের হয়ে প্রিমিয়ার লিগে নিজের সেরা সময় কাটিয়েছেন রিচার্লিসন। তাই তাকে ফিরিয়ে এনে আক্রমণভাগের বিকল্প বাড়ানোর বিষয়টি এভারটনের জন্যও কার্যকর হতে পারে।
তবে খেলোয়াড়ের সঙ্গে অর্থ যোগ করে এ ধরনের দলবদল চূড়ান্ত করা সাধারণত সহজ নয়। দুই ক্লাবকে ন্দিয়ায়ের মূল্য, রিচার্লিসনের চুক্তি এবং অন্যান্য আর্থিক বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছাতে হবে।
এইচজেএস
