নামিবিয়ার কাছে হার দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। পরের দিন তারা প্রথম জয়ের দেখা পেল। জিম্বাবুয়েকে ৩৮ বল হাতে রেখেই ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।
আগের দিন ডেভাল্ড ব্রেভিসের ৭৫ রান বৃথা গিয়েছিল। আজও তিনি সমান রান করলে ৩২ বল খেলে। ৭ চার ও ৬ ছয়ে সাজানো তার বিধ্বংসী ইনিংসে দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে শীর্ষে উঠে গেছে।
উইন্ডহুকে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৪৪ রান করে। তাদের দেড়শর মধ্যে আটকে রাখতে সর্বোচ্চ তিন উইকেট নেন ডুয়ান ইয়ানসেন। জিম্বাবুয়ের পক্ষে মাত্র দুজন ত্রিশের ঘরে রান করেন। সর্বোচ্চ ৩৪ রান আসে ব্রায়ান বেনেটের ব্যাটে। ৩০ রান করেন তাদিওয়ানাশে মারুমানি।
লক্ষ্যে নেমে চতুর্থ ওভারে ওপেনার জর্ডান হারমান (২০) বিদায় নেন। পাওয়ার প্লের মধ্যে আরেক ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস (২২) ফিরে গেলেও ব্রেভিস ক্রিজে অবিচল থেকে জয় তুলে নেন। ১৩.৪ ওভারে ৩ উইকেটে ১৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা।
এফএইচএম
