১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমস। সেই প্রতিযোগিতার প্রস্তুতি নিতে বাংলাদেশ ফুটবল ও হকি দল চীন যাচ্ছে। এর আগে নিজেদের জাতীয় খেলা আরচ্যারিতে অংশ নিতে ভুটান এসেছে বাংলাদেশে। মূলত এশিয়ান গেমসের জন্য প্রস্তুত হতে এসেছে তারা। বাংলাদেশের আরচ্যাররাও প্রস্তুতি নিচ্ছে।
এই প্রস্তুতি পর্বে রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা। রৌপ্য পদক পেয়েছেন আব্দুর রহমান আলিফ ও ব্রোঞ্জ জিতেছেন মিশাদ প্রধান। রিকার্ভ নারী এককে স্বর্ণপদক জিতেছেন সাইমা সালাহ উদ্দিন। কম্পাউন্ড পুরুষ এককেও বাংলাদেশের পদকের ছড়াছড়ি। স্বর্ণপদক জিতেছেন হিমু বাছাড়, রৌপ্য পেয়েছেন মো. তরিকুল ইসলাম তাওহীদ। ব্রোঞ্জ পদক জিতেছেন ভুটানের সেতুম গেইটশেদ। কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের পুষ্পিতা জামান স্বর্ণ, মোসা. কুলসুম আক্তার মনি রৌপ্য এবং বন্যা আক্তার ব্রোঞ্জ পদক পেয়েছেন।
দলীয় ও মিশ্র দ্বৈত ইভেন্টেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। রিকার্ভ মিশ্র দলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ও শিমা আক্তার শিমু জুটি। রৌপ্য জিতেছেন বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা ও সাইমা সালাহ উদ্দিন। ব্রোঞ্জ পেয়েছেন ভুটানের কিনলে তাহেরিং ও বাংলাদেশের সোনালী রায় জুটি।
কম্পাউন্ড মিশ্র দলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ও পুষ্পিতা জামান। রৌপ্য পেয়েছেন ভুটানের টান্ডিন দর্জি ও সোনাম দেমা। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের ঐশ্বর্য রহমান ও বন্যা আক্তার। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রাম কৃষ্ণ সাহা, মো. রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল স্বর্ণপদক জিতেছে। ভুটান ও বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দল রৌপ্য এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশের সাইমা সালাহ উদ্দিন, মোসা. মনিরা আক্তার ও শিমা আক্তার শিমুর দল। রৌপ্য জিতেছে বাংলাদেশের সোনালী রায়, নাসরিন আক্তার ও আরোভি আফরোজের দল।
প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সাম্পান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমামুল হাসানসহ অন্যরা।
এজেড/এফএইচএম
