রিয়াল মাদ্রিদ ও মালাগা আগামীকাল (রোববার) সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে। লা লিগার এই ম্যাচের রেফারির নাম ঘোষণা করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এই ম্যাচে মাঠে রেফারিং করবেন হুয়ান মার্টিনেজ মুনুয়েরা, যার বিরুদ্ধে আগে অভিযোগ দায়ের করেছিল মাদ্রিদ ক্লাব।
রিয়ালের সঙ্গে মুনুয়েরার রেকর্ড বেশ চমৎকার। লা লিগায় ক্লাবটির ৪০ ম্যাচ পরিচালনা করেছেন তিনি, ক্লাব জিতেছে ২৬টি, ড্র ৯টি ও হার মাত্র ৫টি। কিন্তু মাদ্রিদ ভক্ত ও ক্লাব কর্তৃপক্ষের মনে এখনও ক্ষোভ জন্ম দেয় এই নাম। ২০২৩-২৪ মৌসুমের এক ম্যাচের প্রতিবেদনে তার করা একটি মন্তব্যের জন্য অভিযোগ তুলেছিল তারা।
গত মৌসুমে মুনুয়েরা সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের শেষ ম্যাচে দায়িত্ব পেয়েছিলেন। ৪-২ গোলে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে সেই ম্যাচ জিতেছিল রিয়াল। বিতর্কিত থাকলেও ২০২২-২৩ মৌসুম থেকে মুনুয়েরার অধীনে লা লিগায় কোনো হোম ম্যাচ হারেনি মাদ্রিদ।
এই রেফারির অধীনে মালাগার রেকর্ড বেশ ভারসাম্যপূর্ণ। তাদের ১২টি লিগ ম্যাচ পরিচালন করেছেন তিনি, জয় পাঁচটি, ড্র দুটি ও হার পাঁচটি। শেষবার আন্দালুসিয়ান দলের সঙ্গে ছিলেন ২০১৭-১৮ মৌসুমে।
এই দুই দলের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে মুনুয়েরার। ২০১৩-১৪ মৌসুমে লা রোসালেদার সেই খেলায় মাদ্রিদ ক্লাব এক গোলে জিতেছিল।
এফএইচএম
