পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি থাকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি অধিনায়ক ইমরান খানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক আন্তর্জাতিক অধিনায়করা। পাকিস্তানের বিশ্ব জয়ী অধিনায়কের সুচিকিৎসার দাবি জানিয়ে বেশ কয়েকবার চিঠি দিয়েছেন তারা। এমনকি প্রথম সক্রিয় খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও উদ্বেগ প্রকাশ করেছেন। প্রথম পাকিস্তানি হিসেবে নীরবতা ভেঙেছেন জাভেদ মিয়াঁদাদ, তাকে অনুসরণ করেছেন মঈন খান।
পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার মঈন তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান, যেন ইমরানকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয় এবং তার অধিকারকে সম্মান জানানো হয়। তিনি পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদেরও সাবেক অধিনায়কের প্রতি সংহতি জানিয়ে কথা বলার আহ্বান জানান।
মঈন বলেন, ‘ইমরান খান খুবই অসুস্থ। আমি পাকিস্তান সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে, একজন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের নাগরিক হিসেবে চিকিৎসার ক্ষেত্রে ইমরানকে যেন তার প্রাপ্য অধিকারগুলো দেওয়া হয়। আমি পাকিস্তানের সব ক্রিকেটারের প্রতিও আহ্বান জানাচ্ছি, যেন তারা ইমরানের সমর্থনে তাদের কণ্ঠ সোচ্চার করেন। আমরা যারা তার সঙ্গে খেলেছি, তারা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তিনি পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।’
এর আগে পাকিস্তান সরকারের অস্বস্তি আরও বাড়িয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিয়াঁদাদ। সম্প্রতি প্ল্যাটফর্ম ‘ন্যারেটিভস’কে দেওয়া সাক্ষাৎকারে এক সময়ের সতীর্থ ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। তাকে নিয়ে কথা বলার সময় কেঁদে ফেলেন জাভেদ মিয়াঁদাদ।
এরই মধ্যে লর্ডসে পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ডের টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার করে হইচই ফেলে দিয়েছে ইংলিশ গণমাধ্যম স্কাই। যা দেখে বেশ ক্ষুব্ধ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পরিচালিত ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রচার বন্ধ না হলে বিরতির পর তারা আর মাঠে নামারও ঘোষণা দিয়েছিল। তবে সাক্ষাৎকার সম্প্রচার ও খেলা কোনোটাই বন্ধ থাকেনি যদিও।
এফএইচএম
