বিজ্ঞাপন

কোয়াবের উপদেষ্টা হলেন বাশার-সুজনসহ ১৬ জন

কোয়াবের উপদেষ্টা হলেন বাশার-সুজনসহ ১৬ জন

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হলো কোয়াবের উপদেষ্টা পরিষদ। আজ শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেছে কোয়াব।

খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, সালমা খাতুন ও শাহরিয়ার নাফীস- এই ৪ সাবেক অধিনায়ককে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে। এ ছাড়া এই কমিটিতে আরও রয়েছেন সৈয়দ আশরাফুল হক, আতহার আলী খান, শাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শহীদ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইসতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী ও আনিসুল হাকিম।

কোয়াব জানায়, 'ক্রিকেটারদের কল্যাণ, অধিকার আদায়, সুস্থতা এবং বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে কোয়াবের কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ দেবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।'

এ দিকে কোয়াবের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে যুক্ত করা হয়েছে মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান ও মাহমুদুল হাসান রানাকে। তারা কোয়াবের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে কোয়াব। তাদের পরামর্শ ও অভিজ্ঞতা ক্রিকেটারদের কল্যাণে সংগঠনটির কার্যক্রমকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে বলে আশা করছে সংগঠনটি।'

এসএইচ/এইচজেএস