বিজ্ঞাপন

ব্রাভোর সম্মানে ৪৭ নম্বর ‘জার্সি অবসর’ ঘোষণা ট্রিনবাগোর

ব্রাভোর সম্মানে ৪৭ নম্বর ‘জার্সি অবসর’ ঘোষণা ট্রিনবাগোর

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড়ের জার্সি অবসর ঘোষণা করা হলো। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর সম্মানার্থে তার ৪৭ নম্বর জার্সিটি চিরতরে অবসর ঘোষণা করেছে ট্রিনবাগো নাইট রাইডার্স।

পোর্ট অব স্পেনে জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে ম্যাচের আগে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি, ট্রিনবাগো এবং সিপিএলে ব্রাভোর অসাধারণ অবদানের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

খেলোয়াড় হিসেবে মোট পাঁচবার (২০১৫-২০২৫ পর্যন্ত) সিপিএল শিরোপা জিতেছেন ব্রাভো। এর মধ্যে ২০১৭ ও ২০১৮ সালে নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে এবং ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক হিসেবে শিরোপা জেতেন। বর্তমানে ব্রাভো ট্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

খেলোয়াড়ি জীবনে ১০৭টি সিপিএল ম্যাচে ৮.৭৪ ইকোনমি রেটে মোট ১২৯টি উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় তিনি বর্তমানে তৃতীয় স্থানে আছেন।

অনুষ্ঠানে নাইট রাইডার্স গ্রুপের সিইও ভেনকি মহীশূর বলেন, ‘ব্রাভোর অবদান পরিমাপ করা অসম্ভব। তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই ৪৭ নম্বর জার্সি অবসর নেওয়া হয়েছে।’

বর্তমান অধিনায়ক নিকোলাস পুরান, সুনিল নারিন এবং কাইরন পোলার্ড এক বিশেষ বার্তায় ডোয়াইন ব্রাভোকে তরুণ ক্রিকেটারদের প্রেরণার উৎস ও পথপ্রদর্শক বলে আখ্যা দেন।

এমএমএম/