বিজ্ঞাপন

বাফুফে সভাপতির নীতি বদল, জাতীয় দলে ম্যানেজার পরিবর্তন

বাফুফে সভাপতির নীতি বদল, জাতীয় দলে ম্যানেজার পরিবর্তন

জাতীয় ফুটবল দল সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপে খেলবে। সেই টুর্নামেন্টে দলীয় পদ পদবির জন্য ফেডারেশন কর্মকর্তারা দৌড়ঝাঁপ শুরু করেছিলেন। জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি এত দিন নির্বাহী কমিটির বাইরে থেকে জাতীয় দলের ম্যানেজার রেখেছেন। গত পরশু দিন জাতীয় দল কমিটির সভায় চাপে পড়ে বাধ্য হয়েছেন সেই নীতি থেকে সরে আসতে। 

গত দেড় বছরের বেশি সময় জাতীয় দলের ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান। তাকে সরিয়ে এই স্থানে এসেছেন ফেডারেশনের সদস্য ও মোহামেডানের কর্মকর্তা আমিরুল ইসলাম বাবু। যিনি কাজী সালাউদ্দিনের সময়েও প্রায় এক দশক নারী সিনিয়র দলের ও জুনিয়র দলের ম্যানেজার ছিলেন। পুরুষ দলেও ম্যানেজারের ভূমিকায় ছিলেন একাধিকবার। 

ক্যাম্পের মাঝপথে ম্যানেজার পদে রদবদল। আমের খানকে আকস্মিক পদচ্যুত করলেও তাকে দেয়া হয়েছে নতুন পদ কো-অর্ডিনেটর। জাতীয় দলে এমন পদ সচারাচর দেখা যায় না। এই পদের কার্যক্রম ও পরিধি কি সেটা চিঠিতে উল্লেখ নেই। সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা চিঠি মিডিয়া ম্যানেজার মারফত পাওয়ায় বিব্রত আমের। 

সাবেক জাতীয় ফুটবলার ও ফেডারেশনের আরেক সদস্য ইকবাল হোসেনকে দেয়া হয়েছে টিম লিডার পদ। জাতীয় দল যেন কর্মকর্তাদের পদ-পদবী দিয়ে খুশি করার ক্ষেত্র। জাতীয় দলে ঢাকা আবাহনীর সত্যজিৎ দাশ রুপু ম্যানেজার থাকা অবস্থায় বসুন্ধরা কিংস আপত্তি জানিয়েছিল। এবার মোহামেডানের বাবু ম্যানেজার হওয়ার পর লিগ চ্যাম্পিয়ন দলের প্রতিক্রিয়া কি হয় সেটাই দেখার বিষয়। 

এজেড/এইচজেএস