গেম ডেভেলাপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) দ্বিতীয় ম্যাচে আজ রোববার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়েছে অনূর্ধ্ব ১৯ দল। ৪ রানের ব্যবধানে আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরারদের হারিয়ে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের শেষ ওভারে গিয়ে জয় পেয়েছে টাইগার যুবারা।
মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব-১৯ দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি এবং জারিফ সিয়াম। জারিফ ২৩ বলে ১৯ রান করে বিদায় নেন। তিনে নামা আদ্রিতোও ফিরেছেন একই ওভারে।
এক প্রান্ত ধরে খেলতে থাকা মুহি ফিফটির আগেই থেমেছেন ৪৬ বলে ৪০ রান করে। চারে নেমে আহসান আল মুমিন ৫৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন। মাঝে দলের হাল ধরেছেন রবিউল হাসান অনিক। পরে ফারহান সাদিক ২৬ বলে ২৯ রান করেছেন। আল রাফি ১৫ বলে ১২ রান করেছেন। অনিকের ব্যাটে ভর করে দুইশ পার করেছে অনূর্ধ্ব-১৯ দল। ৮২ বলে ৬৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ৩ উইকেট শিকার করেছেন শেখ পারভেজ জীবন। ২টি করে উইকেট নেন আজিজুল হাকিম এবং আহরার আমিন পিয়ান। এক উইকেট তোলেন মাহফুজুর রাব্বি।
জবাব দিতে নেমে খালিদ হাসান এবং জাওয়াদ আবরারের ব্যাটে ভর করে ভালো শুরু পায় করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ২৮ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরে যান খালিদ। তিনে নামা আজিজুল হাকিম তামিম সেভাবে সুবিধা করতে পারেননি। আবরার ৩০ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন। তামিম ৪৫ বল খেলে করেছেন ২৮ রান। কালাম সিদ্দিকী অলিন ৪৫ বলে ৩২ রান করে সাজঘরে ফিরেন। মাঝে জুটি বাঁধেন আহরার আমিন পিয়ান এবং রিজান হোসাইন। আহরার ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলে বিদায় নেন। রিজান ৭৫ বলে ৪৪ রান করেন।
শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি চেষ্টা চালিয়েছেন। তবে শেষরক্ষা হয়নি। ২৬ বলে ১৬ রান করেন তিনি। শেষ ওভারে দরকার ছিল ৬ রান, হাতে ছিল ১ উইকেট। প্রথম বল হয় ডট, পরের বলে ১ রান, তৃতীয় বলেই উইকেট। ২২২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৪ উইকেট নিয়েছেন আবদুর রহিম। ২টি করে উইকেট তোলেন আল রাফি এবং তাফিউল আলম তামিম। ১টি করে উইকেট শিকার করেছেন এসকে জারিফ সিয়াম এবং রবিউল হাসান অনিক।
এসএইচ/এইচজেএস
