বিজ্ঞাপন

বিপিএল ইস্যুতে তামিমের সঙ্গে আলোচনা শেষে যা বললেন নাসির

বিপিএল ইস্যুতে তামিমের সঙ্গে আলোচনা শেষে যা বললেন নাসির

বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আগামী বছরের বিপিএল না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। যে কারণে আজ রোববার বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্রিকেটাররা। দুপুরে শুরু হওয়া মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে নাসির হোসেন।

নাসির বলছিলেন, ‘প্রথমেই বলি, এই ক্রিকেট বোর্ড সবসময় ক্রিকেটারদের পাশে ছিল এবং আছে। আমরা বিপিএল নিয়েই কথা বলেছি, কেন আয়োজিত হচ্ছে না- তা নিয়েই আলোচনা হয়েছে। বোর্ড সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে কেন বিপিএল হচ্ছে না। বিপিএলের জায়গায় (সময়) কী করলে খেলোয়াড়দের জন্য ভালো হয়...। বিসিবির সঙ্গে বসে বুঝেছি, এবার বিপিএল হচ্ছে না। আমাদেরকে ভিন্ন টুর্নামেন্টের কথা জানিয়েছে। তবে কোন টুর্নামেন্ট হবে, সেটা আমরা পরবর্তী মিটিংয়ে বুঝতে পারব।’

নাসির হোসেন আরও বলেন, ‘যে প্রস্তাবের কথা বলা হয়েছে সেটা খারাপ হবে না। ক্রিকেট বোর্ড কিছু বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছে। যতটুকু বুঝলাম, ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য চিন্তা করেছে। ৫ থেকে ১০ বছর পর আমরা খেলোয়াড়রা কোথায় থাকব, সেটা নিয়েই বেশি ফোকাস করা হয়েছে। যে প্রস্তাবটা আমরা পেয়েছি বা শুনেছি, আমার মনে হয় না- এটা খুব একটা খারাপ হবে।’

‘তারা (বিসিবি) আমাদের কিছু প্রস্তাব দিয়েছে, আমাদের দিক থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কোন কিছুই চূড়ান্ত হয়নি। আমরা আবার পরবর্তীতে বসব এবং এটা নিয়ে আলোচনা করব।’

ক্রিকেটারদের আর্থিক ক্ষতির কথা নিয়ে নাসির বলেন, ‘দেখুন, বিপিএল না হলে খেলোয়াড়রা আর্থিকভাবে সমস্যায় পড়ে যাবে। এটার জন্য ক্রিকেট বোর্ডে কী করতে পারে, আমরা এসব নিয়ে আলোচনা করেছি।’

এসএইচ/এমএমএম