বিজ্ঞাপন

টটেনহাম ছাড়তে চান রিচার্লিসনসহ ৩ ফুটবলার

টটেনহাম ছাড়তে চান রিচার্লিসনসহ ৩ ফুটবলার

টটেনহামের নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি। টানা দুই ম্যাচ হারের পর এবার দলটির অস্বস্তি আরও প্রকাশ্যে আনলেন কোচ রবার্তো দি জেরবি। জানালেন, রিচার্লিসনসহ দলের তিন ফুটবলার ক্লাব ছাড়তে চান।

শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে দলে ছিলেন না রিচার্লিসন। ম্যাচ শেষে দি জেরবি জানান, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একাধিকবার ক্লাব ছাড়ার ইচ্ছার কথা বলেছেন। একই কথা জানিয়েছেন কেভিন ডানসো ও পাপে মাতার সারও।

দি জেরবি বলেন, ‘রিচার্লিসন অনেকবারই বলেছে, সে চলে যেতে চায়। ডানসো দুই দিন আগে আমাকে একই কথা বলেছে। সারও তাই বলেছে। আমি এই খেলোয়াড়দের ভালোবাসি, তাদের সঙ্গে আমার সম্পর্কও ভালো। তবে তারা যেতে চাইলে ক্লাবের জন্য উপযুক্ত আর্থিক সমাধান নিয়ে আসতে হবে।’

গত মৌসুমে ১৭তম হওয়া টটেনহাম এবার দল গড়তে প্রায় ৩০ কোটি পাউন্ড খরচ করেছে। তবে দি জেরবির মতে, নতুন খেলোয়াড় এলেই রাতারাতি দল বদলে যায় না। খুঁজে পেতে হবে সঠিক মানসিকতা ও ভারসাম্যও, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক মানসিকতা খুঁজে পাওয়া। দলবদলের বাজার থেকে মানসিকতা কেনা যায় না। অনেক খেলোয়াড় বদলালেই যে ভারসাম্য সঙ্গে সঙ্গে চলে আসবে, এমন নয়। কখনো সময় লাগে।’

এইচজেএস

বিজ্ঞাপন