বিজ্ঞাপন

উজবেকিস্তানে বাংলাদেশের অনুশীলনে ছিলেন দ্বন্দ্বে জড়ানো দুই কোচই

উজবেকিস্তানে বাংলাদেশের অনুশীলনে ছিলেন দ্বন্দ্বে জড়ানো দুই কোচই

এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাই খেলতে উজবেকিস্তানে বাংলাদেশ অ-২০ দল। আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। আজ উজবেকিস্তান সময় দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশ অ-২০ দলের বৃটিশ কোচ জেরার্ড জোন্স।

সাফ চ্যাম্পিয়ন হওয়া অ-২০ দল নিয়ে এশিয়ার মূল পর্বে খেলার স্বপ্ন ছিল। এজন্য বাফুফে ইংল্যান্ড থেকে দুই বছরের জন্য কোচও উড়িয়ে এনেছিল। সেই কোচের সঙ্গে সহকারী হিসেবে সাবেক জাতীয় ফুটবলার আতিকুর রহমান মিশুর দ্বন্দ্ব চরমে। গত কয়েক দিন দুই কোচের হাতাহাতি ও জেরার্ড জোন্সের হোটেলে পুলিশ ডাকা ছিল সবচেয়ে আলোচনায়।

দুই কোচ উজবেকিস্তানে গেছেন আলাদা দুই ফ্লাইটে। উজবেকিস্তানে বাংলাদেশ গতকাল অনুশীলন করেছে। ঢাকার মতোই মিশু অনুশীলনে অনেকটা নীরব ভূমিকায় রয়েছেন। সেটা জোন্সের ইচ্ছে অনুযায়ী। সূত্রের খবর, মিশু অনেকটাই যেন পর্যবেক্ষকের ভূমিকায়। ফুটবলারদের মানসিক অবস্থা দেখভাল করাই যেন তার আসল দায়িত্ব। কারণ সহকারী কোচ হিসেবে অনুশীলন কিংবা পরিকল্পনায় যে পরিমাণ সক্রিয় থাকার কথা সেটা জোন্স তাকে রাখেননি। দুই জন খুব প্রয়োজন না হলে একে অন্যের সঙ্গে কথা বলছেন না। তবে উজবেকিস্তানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকায় ক্যাম্পে যে গুমোট ভাব ছিল সেই তুলনায় উজবেকিস্তানের তাসখন্দে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 

বাছাই পর্বে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সাত সেরা রানার্স আপ অ-২০ এশিয়া কাপের মূল পর্বে খেলবে। বাংলাদেশ উজবেকিস্তানে বি গ্রুপে খেলছে। আগামীকাল স্বাগতিক উজবেকিস্তানের পর ৩ ও ৬ সেপ্টেম্বর যথাক্রমে সিরিয়া ও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলেও রানার্স-আপ হলেও বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থাকবে। সাফ অ-২০ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সঙ্গে অ্যাডাম আব্বাসের মতো প্রবাসী যোগ হওয়ায় একটা ভালো সম্ভাবনা আছে, কিন্তু কোচদের দ্বন্দ্ব শঙ্কার মধ্যে ফেলেছে। 

এজেড/এইচজেএস