আর্সেনালে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির সময়টা শেষ হওয়ার পথে। ২০১৯ সালে ইতুয়ানো থেকে লন্ডনে আসা সেই তরুণ ব্রাজিলিয়ান এখন নতুন ঠিকানার সন্ধানে। আর সেই ঠিকানাটি হতে যাচ্ছে সৌদি আরবের আল হিলাল।
মার্তিনেল্লিকে দলে নিতে ৭ কোটি ইউরো ট্রান্সফার ফি দিতে রাজি হয়েছে আল হিলাল। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ব্রাজিলিয়ান উইঙ্গারকে চার বছরের চুক্তির প্রস্তাবও দিয়েছে সৌদি ক্লাবটি। ব্যক্তিগত শর্ত নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে সেটি নিয়ে বড় কোনো জটিলতা দেখছেন না সংশ্লিষ্টরা। আগামী সপ্তাহের শুরুতেই দলবদলের আনুষ্ঠানিকতা সারতে দেশ ছাড়ার কথা ২৫ বছর বয়সী মার্তিনেল্লির।
দলবদলটি সম্পন্ন হলে আর্সেনালের ইতিহাসে নতুন একটি রেকর্ডও গড়বেন তিনি। সবচেয়ে বেশি ট্রান্সফার ফিতে বিক্রি হওয়া খেলোয়াড় হবেন মার্তিনেল্লি। ২০১৭ সালে ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে লিভারপুলে যাওয়া অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের রেকর্ড এবার ভাঙতে যাচ্ছেন তিনি।
তবে মার্তিনেল্লির বিদায়ের ইঙ্গিত মিলছিল আগেই। চলতি মৌসুমে আর্সেনালের প্রথম দুই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না তিনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ডে ৩-০ এবং প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটির বিপক্ষে একই ব্যবধানে জেতা ম্যাচ—কোনোটিতেই তাকে দলে রাখেননি কোচ মিকেল আরতেতা।
এর মধ্যেই মার্তিনেল্লিকে নিয়ে আগ্রহ দেখায় আল হিলাল। গত ২৩ আগস্ট তার এজেন্টের সঙ্গে সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা শুরু করেছিল সৌদি ক্লাবটি। এর আগে ১২ আগস্ট মার্তিনেল্লিকে পেতে ৪ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব দিয়েছিল গালাতাসারাই। কিন্তু সেই প্রস্তাবে আগ্রহী ছিলেন না মার্তিনেল্লি।
২০১৯ সালে আর্সেনালে যোগ দেওয়ার পর মার্তিনেল্লি খেলেছেন ২৭৮ ম্যাচ। গোল করেছেন ৬২টি। ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও, এক বছর বাড়ানোর সুযোগ ছিল ক্লাবটির হাতে।
এইচজেএস
