মাঠে ফুটবল পায়ে আর দৌড়াতে দেখা যাবে না করিম বেনজেমাকে! ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ ও ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আল হিলালের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তার সঙ্গে অবিলম্বে চুক্তি বাতিল করা হয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে এখনই তাকে বড় সিদ্ধান্ত নিতে হবে।
বর্তমানে ৩৮ বছর বয়সী বেনজেমা ২০২৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দেন। আগের বছর ব্যালন ডি’অর জেতা এই স্ট্রাইকার ২০২৬ সালের জানুয়ারিতে নজরকাড়া দলবদল করে আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন।
ঠিক ছয় মাস পর বেনজেমা ফ্রি এজেন্ট হয়ে গেলেন। সম্ভবত নিজের শেষ ম্যাচও খেলে ফেলেছেন তিনি। রোমানো লিখেছেন, ‘বেনজেমা তার ভবিষ্যৎ নিয়ে শিগগিরই তার সিদ্ধান্ত জানাবেন। অবসর নেওয়া ও সৌদি আরবের আরেকটি ক্লাব অন্য বিকল্প। ইউরোপে তার ফেরা হচ্ছে না।’
আল হিলালে অলি ওয়াটকিন্সকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বেনজেমাকে নিয়ে এমন তথ্য জানা গেল। ফরাসি তারকার এমন পরিণতির পেছনে ওয়াটকিন্সের আগমনের কোনো প্রভাব আছে কি না অজানা।
রিয়ালে একসময় বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন বেনজেমা। ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে যাওয়ার পর তিনি তার ছায়া থেকে বের হয়ে আসেন। রিয়ালের জার্সিতে তার গোল ৩৫৪টি এবং ক্লাবের কয়েক দশকের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ব্যালন ডি’অরের সঙ্গে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ ও চারটি লিগ শিরোপা জিতেছেন বেনজেমা।
এফএইচএম
