২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ দল। একই সুবিধা পাচ্ছে এশিয়ার ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় শুরু হবে এবারের ক্রিকেট প্রতিযোগিতা। সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
ইতোমধ্যে কয়েকটি দেশ তাদের দল ঘোষণাও করেছে। বাংলাদেশও সোনা জয়ের লক্ষ্য নিয়ে দল সাজাচ্ছে। বিসিবি সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হতে পেরেছে, জাতীয় দলের আদলে হবে এশিয়ান গেমসের দল। লাল-সবুজের দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তাওহীদ হৃদয় কিংবা লিটন দাসকে। এ ছাড়া মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাকলাইন, তানজিদ তামিম, রিশাদ হোসেন এবং রিপন মন্ডলদেরও স্কোয়াডে দেখা যাবে।
তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটে আলোচনায় উঠে আসা রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল থাকছেন না এশিয়ান গেমসের দলে। ৩ মাস আগেই নির্বাচকদের ২৫ সদস্যের দল দিতে হয়েছিল যেখানে নাম ছিল না রুবেলের। যে কারণে নতুন করে স্কোয়াডে ঢোকার আর কোনো সুযোগ পাচ্ছেন না চট্টগ্রামের এই স্পিনার। প্রসঙ্গত, চলমান টপ এণ্ড টি-টোয়েন্টি লিগে বল হাতে ভেলকি দেখাচ্ছেন রুবেল। নিজের প্রথম ৬ ম্যাচেই শিকার করেন ২০ উইকেট।
এশিয়ান গেমসের পুরুষ বিভাগে অংশ নেবে মোট ১০ দল। অন্যদিকে নারী বিভাগের লড়াই হবে ৮ দলের মধ্যে। ছেলেদের ক্রিকেটে সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া চার দলের সঙ্গে যোগ দিতে প্রথম ধাপ পেরোতে হবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল।
আর ‘বি’ গ্রুপে লড়বে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি করে দল নকআউট পর্বে উঠে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর থেকে, যা চলবে ১ অক্টোবর পর্যন্ত।
এসএইচ
