বিজ্ঞাপন

অনুশীলনে ফিরলেন নাহিদ রানা, ম্যাচ খেলবেন কবে?

অনুশীলনে ফিরলেন নাহিদ রানা, ম্যাচ খেলবেন কবে?

গেল মাসে জিম্বাবুয়ে সিরিজের সময় ইনজুরিতে পড়েন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজে খেলা হয়নি এই পেসারের। এরপর অস্ট্রেলিয়া গিয়েছিলেন ডাক্তার দেখাতে। দেশে ফিরে চোট সারানোর চিকিৎসা শুরু করেছিলেন নাহিদ। এরপর দেশেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

সব প্রক্রিয়া শেষে মাস দেড়েক পর আজ সোমবার বল হাতে দেখা গেল নাহিদকে। লম্বা ইনজুরি কাটিয়ে মিরপুরের একাডেমি মাঠে এদিন বোলিং অনুশীলন করেছেন এই গতি তারকা। এদিন প্রথম অনুশীলন থাকায় ছোট রানআপে বল করেছেন নাহিদ। পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকায় এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট।

সবসময় ফিজিওদের তত্ত্বাবধায়নে রয়েছেন নাহিদ। আজ পাশে দাঁড়িয়ে থেকে তার অনুশীলন দেখেছেন বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম। মাঠে ফিরলেও আপাতত ম্যাচ খেলার মতো ফিট নন নাহিদ। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন বলে জানা গেছে। নির্বাচকরাও তাকে নিয়ে সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন।

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ওই সিরিজ দিয়েই নাহিদকে মাঠে ফেরানোর পরিকল্পনা নির্বাচকদের। তবে নাহিদকে মাঠে ফেরানোর জন্য কোনো তাড়াহুড়ো করতে নারাজ ম্যানেজমেন্ট।

এসএইচ/এমএমএম