কোনো টুর্নামেন্ট বা সিরিজের আগে ক্যাম্প করে থাকে জাতীয় দল। আর ক্যাম্প শুরুর আগে ফিটনেস পরীক্ষা করতে ক্রিকেটারদের যেতে হয় জাতীয় ফুটবল স্টেডিয়ামে। তবে এবার ক্রিকেটারদের সেই ধকল কমাতে যাচ্ছে বিসিবি। ফিটনেস ক্যাম্পের সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস অ্যাথলেটিক টার্ফ বানাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মিরপুরের একাডেমি মাঠে তৈরি করা হচ্ছে প্রায় ১২০ মিটার দীর্ঘ একটি অ্যাথলেটিক টার্ফ। ইতোমধ্যে টার্ফ বসানোর জায়গা পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বাকি কর্মকর্তারা। নতুন এই অ্যাথলেটিক টার্ফের মূল উদ্দেশ্য ক্রিকেটারদের রানিং ও ফিটনেস ট্রেনিংয়ের জন্য একটি নির্দিষ্ট ও উন্নত পরিবেশ তৈরি করা।
বর্তমানে বিভিন্ন সময়ে ফিটনেস টেস্ট কিংবা রানিং সেশনের জন্য ক্রিকেটারদের বাইরের মাঠ ব্যবহার করতে হয়। নতুন টার্ফ চালু হলে সেই প্রয়োজন অনেকটাই কমে আসবে। প্রায় ১২০ মিটার দীর্ঘ এই টার্ফে ক্রিকেটাররা নিয়মিত রানিং, স্প্রিন্টসহ বিভিন্ন ধরনের ফিটনেস অনুশীলন করতে পারবেন। পাশাপাশি ফিটনেস টেস্টেও এটি ব্যবহার করা যাবে।
বিসিবির এই উদ্যোগে একাডেমি মাঠের ব্যবহারও আরও বাড়বে। জাতীয় দল, হাই পারফরম্যান্স (এইচপি) দলসহ বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের ফিটনেস উন্নয়নেও কাজে আসবে এই সুবিধা। ফলে ক্রিকেটারদের মাঠ ও জিমনেশিয়ামের ওপর নির্ভরতা কিছুটা কমিয়ে একাডেমি মাঠে নিয়মিত ফিটনেস কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, টার্ফ স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতাই বাকি।
এসএইচ/এফআই
