আইপিএলে গত দুই-তিন বছর ধরে সবচেয়ে বেশি আলোচিত নিয়মগুলোর একটি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। নিয়মটি নিয়ে বিতর্কেরও শেষ নেই। অনেক দলের অভিযোগ, এই নিয়ম নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাড়তি সুবিধা তৈরি করছে। এবার সেই বিতর্ক নতুন মোড় নিতে যাচ্ছে।
আগামী মৌসুম শুরুর আগে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি নিয়ে ১০ দলের মতামত চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলগুলো এক হয়ে নিয়মটির বিরোধিতা করলে সেটি তুলে দেওয়ার কথা ভাববে বোর্ড।
ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের মধ্যে নিয়মটি নিয়ে নিজেদের মতামত জানাতে বলা হয়েছে ১০ ফ্র্যাঞ্চাইজিকে। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, গত বছর অধিনায়কদের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল, আসর শেষে আইপিএলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দলগুলোর মতামত নেওয়া হবে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি আলোচনায় এসেছে।
অবশ্য এর আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, অন্তত আরও এক মৌসুম এই নিয়ম বহাল থাকবে। কিন্তু গত বছরই বেশ কয়েকজন অধিনায়ক প্রকাশ্যে নিয়মটির বিরোধিতা করেছিলেন। এরপর বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছিলেন, ক্রিকেটারদের আপত্তি থাকলে নিয়মটি নিয়ে আলোচনা করা যেতে পারে।
যদিও কিছুদিন পর নিজের অবস্থান কিছুটা বদলে ফেলেন তিনি। তার যুক্তি ছিল, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম থাকার পরও কম রানের ম্যাচ হচ্ছে, ভালো উইকেটে খেলা হচ্ছে এবং সমর্থকরাও ম্যাচ উপভোগ করছেন। তার মতে, সব মিলিয়ে দর্শকরা একটি পূর্ণাঙ্গ প্যাকেজই পাচ্ছেন।
এইচজেএস
