এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ। 'বি' গ্রুপে দিনের প্রথম ম্যাচে ভারত ১-০ গোলে সিরিয়াকে পরাজিত করেছে।
বাংলাদেশ দুই অর্ধে একটি করে গোল হজম করে। ম্যাচের অধিকাংশ সময় বল স্বাগতিক উজবেকিস্তানের পায়েই ছিল। স্বাগতিকদের আক্রমণে বাংলাদেশ পুরো ম্যাচ জুড়েই চাপে ছিল। গোলরক্ষক বল ঠেকাতে ঠেকাতে ক্লান্ত ছিলেন। উজবেকিস্তানের ফরোয়ার্ডরা মিস না করলে বাংলাদেশের পরাজয় ব্যবধান আরো বড় হতো।
বাংলাদেশ সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর থেকে এই দল নিয়ে আশা ছিল এশিয়ার মূল পর্বে খেলার। এজন্য ফেডারেশন ইংল্যান্ড থেকে দুই বছরের জন্য কোচও এনেছিল। সাম্প্রতিক সময়ে সেই কোচ ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে হাতাহাতি বড় আলোচনায়। বাংলাদেশের খেলায় এর প্রভাব পড়েছে। ফুটবলারদের মধ্যে প্রাণবন্ত ভাব ও পরিকল্পিত ফুটবল সেভাবে দেখা যায়নি। বাংলাদেশ অ-২০ ফুটবল দলে পাঁচ জন প্রবাসী ফুটবলার রয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন অ্যাডাম আব্বাস। সেই আব্বাসকে কোচ একাদশে রাখেননি। মাহি খান, জিদান ইউসুফকে অবশ্য শুরু থেকেই খেলিয়েছেন।
এশিয়ার আটটি দেশে বাছাই পর্ব চলছে। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ আজ হেরে বি গ্রুপে সবার তলানিতে। কারণ সিরিয়া হারলেও গোল ব্যবধানে বাংলাদেশ তাদের চেয়েও পেছনে। ফলে পরের পর্বে খেলা বেশ কঠিন হয়ে পড়ল।
এজেড/এইচজেএস/এসএএস
