বিজ্ঞাপন

সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠাল পাকিস্তান, দলে পাঁচ নতুন মুখ

সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠাল পাকিস্তান, দলে পাঁচ নতুন মুখ

ইংল্যান্ডে বিপর্যস্ত পাকিস্তান। লিডস ও লর্ডসে বড় ব্যবধানে হারের পর দলে ব্যাপক রদবদল করল তাদের ক্রিকেট বোর্ড। শেষ টেস্টের আগে স্কোয়াডের প্রায় অর্ধেক খেলোয়াড় পরিবর্তন করেছে। বদলে ফেলা হয়েছে তাদের প্রধান কোচ ও বোলিং কোচকেও।

শেষ টেস্টের আগে পাকিস্তান পাঁচজন আনক্যাপড খেলোয়াড়কে ডেকেছে, সঙ্গে আছেন সাইম আইয়ুব ও আব্দুল্লাহ ফজল, যারা দুজনে মিলে মাত্র ১০ ম্যাচ খেলেছেন। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলের স্থলাভিষিক্ত হয়েছেন মাইক হেসন ও অ্যাশলে নোফকে। তারা দুজনেই সাদা বলের কোচ, এবার টেস্ট কোচিং স্টাফ দলে যুক্ত হলেন।

মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হক, সালমান আগা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররাশ শাহজাদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলে যোগ দিতে যাওয়া পাঁচ আনক্যাপড খেলোয়াড় হলেন আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রানধাওয়া ও রাজাউল্লাহ।

গত কয়েক বছরে কয়েক দফায় পাকিস্তান দলে পরিবর্তন আনা হয়েছে। কিন্তু একটি টেস্ট সিরিজে যখন কিছুই পাওয়ার নেই, তখন এই ধরনের পরিবর্তন প্রশ্নের জন্ম দিয়েছে। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এক্স-এ লিখেছেন, ‘এই সিদ্ধান্তের পেছনে কারণ কী কিংবা কোন যুক্তিতে এটা করা হলো জানি না। এমনকি যাদের দলে নেওয়া হয়েছে, তাদের নেওয়ার কোনো মানে নেই। টি-টোয়েন্টির খেলোয়াড়দের নেওয়া হয়েছে ইংল্যান্ডে একটি টেস্ট ম্যাচের জন্য? চিন্তাভাবনা কী, কী চাচ্ছে তারা? পাঁচ টেস্ট ম্যাচের পরই কোচকে ছাঁটাই কেন করা হলো। এটা সবচেয়ে হতবাক করা ব্যাপার।’

এফএইচএম