আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার লিজেন্ড সোমবার সন্ধ্যায় এক আবেগঘন পোস্ট দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান। তারপর যেন শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবলে। জাতীয় দলের সাবেক হয়ে যাওয়া সতীর্থকে নিয়ে আবেগী বার্তা দিয়েছেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেসসহ আরও আর্জেন্টাইন তারকারা।
আর্জেন্টিনা জাতীয় দল ও ক্লাব ইন্টার মায়ামিতে মেসির ঘনিষ্ঠ বন্ধু ডি পল। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘(ধন্যবাদ) আমাদের দেশের প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসার জন্য, হাল না ছাড়ার যে মানসিক লড়াই তার জন্য, অন্যায়ের সামনে দাঁড়িয়ে তোমার অদম্য শক্তির জন্য, ক্যাম্পে আসা প্রত্যেক খেলোয়াড়ের প্রতি তোমার নেতৃত্ব ও মানবিকতার জন্য যাতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করে এবং জাতীয় দলের সবার প্রতি তোমার সদয় আচরণের জন্য।’
শেষ বার্তায় তিনি লিখেছেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়, তোমাকে ধন্যবাদ। আমাদের এত খুশি করার জন্য ধন্যবাদ। তুমি কল্পনাও করতে পারবে না কত হাসি তুমি ফুটিয়েছ। আমাদের স্মৃতিতে আজীবন তুমি অবিনশ্বর হয়ে থাকবে।’
পারেদেস তার জাতীয় দলের অধিনায়ককে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা একটা খবর ছিল, কিন্তু স্পষ্টতই পরিস্থিতি তেমন ছিল না। একজন আর্জেন্টাইন, একজন জাতীয় দলের ভক্ত, একজন সতীর্থ ও একজন বন্ধু হিসেবে তুমি আমাকে যা দিয়েছ, তার জন্য ধন্যবাদ।’

এই মিডফিল্ডার আরও বলে গেলেন, ‘যখন তোমাকে নিয়ে কথা বলতে হয়, তোমার কীর্তি এবং একজন খেলোয়াড় ও একজন মানুষ হিসেবে তোমার মহানুভবতা নিয়ে বলতে হয়, তখন ভাষা ফুরিয়ে যায়। আমি খুব সৌভাগ্যবান যে তোমার জাতীয় দলে, আমাদের জাতীয় দলের সঙ্গে এই চমৎকার পথচলায় তোমার পাশে খেলতে পেরেছি।’ তিনি এভাবে শেষ করেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি। সংক্ষেপে, আমি সবসময় তোমার সুখ কামনা করি। যে অবিস্মরণীয় মুহূর্ত তুমি আমাদের সবাইকে উপহার দিয়েছ, সেজন্য আমাদের দেশ সবসময় তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।’
নিকোলাস তাগলিয়াফিকো মেসির সঙ্গে আলিঙ্গনরত একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘সারাজীবনের জন্য ধন্যবাদ।’ বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও বিদায় বার্তা দিয়েছেন, ‘আমাদের জন্য ও সব আর্জেন্টাইনের জন্য তুমি যা করেছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আমাকে বিশ্ব চ্যাম্পিয়ন করানোর জন্য এবং এমন এক উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ, যেটা আমি কল্পনাও করিনি কোনোদিন। আমার শ্রদ্ধা চিরকাল থাকবে, ধন্যবাদ।’
এর আগে সোমবার ইনস্টাগ্রামে দেওয়া মেসি অবসরের বার্তায় লিখেছেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি। কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজার করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।’
ক্রিস্টিয়ান রোমেরো লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার শ্রদ্ধা আছে এবং তুমি আমাকে ও আমাদের দেশকে যা কিছু দিয়েছ, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। সবকিছুর জন্য ধন্যবাদ, ক্যাপ্টেন।’
এফএইচএম
