সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের গুঁড়িয়ে টেস্ট জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ে বল হাতে নেতৃত্বে ছিলেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট। পরে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছিলেন টাইগার এই পেসার। তবে অবাক হয়েছিলেন ম্যাচ সেরার প্রাইজমানি না থাকায়।
বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হাসান মাহমুদ বলছিলেন, 'অস্ট্রেলিয়া সিরিজের সেরা স্মৃতি ম্যাচ জিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া এবং ৫ উইকেট। এটা আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। আমি অবাক হয়েছিলাম প্লেয়ার অফ দ্য ম্যাচ-এ কোনো প্রাইজ মানি নেই। সমস্যা নেই, প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়াটাই বড় বিষয় এবং পুরো বাংলাদেশ সাক্ষী হয়ে থাকবে এবং এটা আমার জীবনের একটা স্মরণীয় দিন।'
পরে পেসার শরিফুল ইসলাম বলেন, 'অস্ট্রেলিয়া সিরিজে আমার সেরা স্মৃতি প্রথম টেস্টে জয়। যদিও আমি খেলিনি, দলের সঙ্গে ছিলাম এবং ম্যাচটা যখন জিততে পারছে, খুবই ভালো লেগেছে। অবিশ্বাস্য অনুভূতি ছিল, বলে বোঝানো সম্ভব না।'
'খেলার আগে হাবিবুল বাশার সুমন স্যার এবং শান্ত ভাইকে বলছি, “ভাই, এরকম কন্ডিশনে বাইরের দেশে একটা স্বপ্ন থাকে একটা ফাস্ট বোলারের ৫ উইকেট নেওয়া”। তো সুমন স্যার বলেছেন, “হ্যাঁ, শুধু লাইনে বল করিস”। চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ সাফল্য পেয়েছি।'
দুই টেস্টের কোনোটিতেই খেলা হয়নি অমিত হাসানের। তবে নিজের স্মৃতি নিয়ে বললেন, 'অস্ট্রেলিয়া সিরিজে অনেকগুলো স্মৃতি আছে। যদি একটা বলতে চাই সেটা ট্রফি নেওয়ার সময়। ট্রফি নেওয়ার সময় দলের সবাই বলতেছিল "অমিতের হাতে দাও, অমিতের হাতে দাও"। আমি দলের সবথেকে জুনিয়র, ট্রফিটা তাই আমার হাতে দেওয়া হয়েছিল। আমার বেশ ভালো লেগেছিল। এটাই আমার কাছে সেরা স্মৃতি।'
এসএইচ
